ইতিহাসের উল্টো দিকে আর্সেনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে মঞ্চস্থ হতে যাচ্ছে ‘মিশন ইমপসিবল -৫’। আর্সেনালের সামনে আজ আসলেই অসম্ভব এক লক্ষ্য। চ্যাম্পিয়নস লিগে এসি মিলানকে টপকে কোয়ার্টার ফাইনালে যেতে হলে ইতিহাসই গড়তে হবে গানারদের। টপকাতে হবে প্রথম লেগে ৪ গোলের ‘অসম্ভব’ ব্যবধানটাকে। কোয়ার্টার ফাইনালে যেতে হলে শেষ ষোলোর আরেক ম্যাচে ঘরের মাঠে জেনিত সেন্ট পিটার্সবার্গের বিপক্ষে জিততে হবে বেনফিকাকেও। আর্সেনাল আজ ইতিহাসকে পাশে পাচ্ছে না। উয়েফার কোনো টুর্নামেন্টে প্রথম লেগে ০-৪ গোলে পিছিয়ে পড়া দল পরের পর্বে গেছে তিনবার। চ্যাম্পিয়নস লিগ অবশ্য এখন পর্যন্ত এমন ‘অসম্ভব’কে সম্ভব হতে দেখেনি একবারও। তার পরও আশাবাদী আর্সেন ওয়েঙ্গার। তাঁকে আশা জোগাচ্ছে প্রিমিয়ার লিগে দলের সাম্প্রতিক ফর্ম। গত এক সপ্তাহে টটেনহাম ও লিভারপুলের মতো দুই বড় প্রতিপক্ষকে হারিয়েছে দলটি। টটেনহামের বিপক্ষে ০-২ গোলে পিছিয়ে পড়েও ৫-২ গোলের জয়টি তো ফিরে আসার অসাধারণ এক গল্প।আর তাদের আছে ‘টম ক্রুজ’ অধিনায়ক রবিন ফন পার্সি। এই মৌসুমে সব মিলিয়ে ৩১ গোল করে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন ডাচ স্ট্রাইকার। পার্সি আর সাম্প্রতিক ফর্ম মিলিয়ে ওয়েঙ্গার তাই বলতে পারছেন, ‘এটি (জয়) আমাদের আত্মবিশ্বাস উঁচুতে নিয়ে গেছে আর আমাদের সময়টাও কাটছে ভালো। এটাই আমাদের মঙ্গলবার রাতে অসম্ভবকে সম্ভব করার মতো ভালো অবস্থায় নিয়ে এসেছে।’আর্সেনাল গত ১৩ ম্যাচে ঘরের মাঠে অপরাজিত। দলটি ইউরোপীয় প্রতিযোগিতায় শেষ ১৯ ম্যাচের ছয়টিতেই জিতেছে চার বা ততোধিক গোলে। এ ছাড়া আত্মতৃপ্তিতে ভোগার ইতিহাস আছে এসি মিলানের। ২০০৪ সালে কোয়ার্টার ফাইনালে স্পেনের দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে প্রথম লেগে ৪-১ গোলে জিতেও বাদ পড়েছিল মিলান। চ্যাম্পিয়নস লিগ ২০০৫-এর ফাইনালে লিভারপুলের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পরও রানার্সআপ হওয়াটা তো ফুটবল রূপকথার অংশ।আর তাই মাত্রই সিরি ‘আ’তে পালের্মোকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পরও বেশ সতর্ক মিলান কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি। খেলোয়াড়দের মনে করিয়ে দিয়েছেন, ‘আমরা এখনো কোয়ালিফাই করিনি।’আর্সেনালের জন্য দুঃসংবাদ জ্লাতান ইব্রাহিমোভিচের ফর্ম। সিরি ‘আ’তে গোলের পর গোল করা এই সুইডিশ স্ট্রাইকারের আবার বেশ ভালো স্মৃতি আছে এমিরেটসে। ২০১০ সালে বার্সেলোনার হয়ে জোড়া গোল করে জিতিয়েছিলেন দলকে। প্রথম লেগে রাশিয়া গিয়ে ২-৩ গোলে হেরে আসার পর থেকেই খারাপ সময় যাচ্ছে বেনফিকার। এরপর লিগে তিনটি ম্যাচের কোনোটিতেই জেতেনি পর্তুগিজ দলটি। অন্যদিকে রুশ লিগে টানা ১৭ ম্যাচে হারেনি জেনিত। তবে বেনফিকার জন্য আশা-জাগানিয়া ব্যাপার, ঘরের মাঠে কখনোই কোনো রুশ ক্লাবের কাছে হারেনি তারা। এএফপি, রয়টার্স।