ইতিহাসের এক নাম ম্যাককালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা দ্বিতীয় এবং ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরির পর ব্রেন্ডন ম্যাককালাম। দিন শেষে তাঁকে হাতছানি দিচ্ছিল ‘ট্রিপল’ সেঞ্চুরি, অপরাজিত ছিলেন ২৮১ রানে  ওয়েবসাইট
টানা দ্বিতীয় এবং ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরির পর ব্রেন্ডন ম্যাককালাম। দিন শেষে তাঁকে হাতছানি দিচ্ছিল ‘ট্রিপল’ সেঞ্চুরি, অপরাজিত ছিলেন ২৮১ রানে ওয়েবসাইট

ব্রেন্ডন ম্যাককালামের কাছে ভারতের বোলিংটা বরাবরই সুস্বাদু। ২০১০-এ নিজের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরিটা পেয়েছিলেন ভারতের মাটিতে। সেই ভারতকে সামনে পেয়ে কেবলই আগের টেস্টে করেছেন দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। কাল ভারতীয় ‘বোলিং কারি’ চেটে-পুটে খেয়ে করে ফেললেন তৃতীয়টি। এটি হয়তো আর ‘ডাবল’-এর গণ্ডিতে আটকে নেই, হয়ে গেছে নিউজিল্যান্ডের প্রথম ট্রিপল সেঞ্চুরি।
কাল সারা দিনের ৯০ ওভারে একটা মাত্র উইকেট তুলতে পেরেছে ভারতের সাত বোলার, ম্যাককালাম অপরাজিত ২৮১ রানে, ১২৪ রান করে আউট হয়েছেন বিজে ওয়াটলিং, অভিষেক টেস্টেই সেঞ্চুরির আশা জাগিয়েছেন জেমস নিশাম। এতেই মহেন্দ্র সিং ধোনির দলের দুর্গতিটা পরিষ্কার। যে নিউজিল্যান্ড ৬ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল ৫ উইকেটে ২৫২ রান, তারাই চতুর্থ দিন শেষে ৬ উইকেটে ৫৭১, মোট লিড ৩২৫। ইনিংস হারের শঙ্কা কাটিয়ে উল্টো নিউজিল্যান্ডই ভারতকে ঠেলে দিয়েছে টানা দ্বিতীয় পরাজয় বা সিরিজ ধবলধোলাইয়ের সামনে! কেমন করে? উত্তর, নিউজিল্যান্ড অধিনায়কের ব্যাটিং বীরত্বে।
পরশু যখন ক্রিজে এলেন, নিউজিল্যান্ড ৫২/৩। ম্যাককালাম নতুন গার্ড নিয়ে মনে মনে হয়তো বলছিলেন, দেখা যাক কী করা যায়! টম ল্যাথামের বিদায়ে স্কোর হলো ৪/৮৭, কোরি অ্যান্ডারসন ফিরে যেতে ৫/৯৪। বেশি কিছু করার আশাটা আসলেই ছিল না। অন্য প্রান্ত থেকে কিছুটা আশা জোগালেন ওয়াটলিং। ধৈর্য, সামর্থ্য আর প্রতিজ্ঞার সবটুকু ঢেলে তাঁরা এককাট্টা হলেন। দিন শেষ হলো ৫ উইকেটে ২৫২ রানে, ততক্ষণে সেঞ্চুরি হয়ে গেছে ম্যাককালামের, ওয়াটলিং অপরাজিত ৫২ রানে। পিচ একটু সহজ হয়ে পড়েছিল বটে, কিন্তু ম্যাকাকালামকে তা একটুও আত্মতৃপ্তি দেয়নি। প্রতিপক্ষের বোলিংকে একেবারেই অক্ষম প্রমাণ করে তাঁরা যোগ করলেন ৩৫২ রান, ষষ্ঠ উইকেটে বিশ্ব রেকর্ড জুটি। ষষ্ঠ উইকেটে এর আগের বিশ্ব রেকর্ড জুটিটি ছিল ৩৫১ রানের, ২০০৯ সালে আহমেদাবাদ টেস্টে ভারতের বিপক্ষেই তা গড়েছিলেন শ্রীলঙ্কার মাহেলা ও প্রসন্ন জয়াবর্ধনে।
নিজের তৃতীয় সেঞ্চুরি করে মোহাম্মদ সামির বলে এলবিডব্লু হয়ে ফিরেছেন ওয়াটলিং। ম্যাককালাম কিন্তু অবিচলিত। পরে ২৪ চার ও এক ছক্কায় ডাবল সেঞ্চুরি পুরো করেছেন ৩৯৫ বলে। আরও ৪ চার ও ৩ ছক্কায় দিন শেষে দাঁড়িয়েছেন ২৮১ রানে। আর ১৯টি রান পেলেই নিউজিল্যান্ড ক্রিকেট ইতিহাসে একটি নতুন পাতা সংযোজন করবেন প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান হিসেবে। মাত্র ১ রানের জন্য যা করে যেতে পারেননি মার্টিন ক্রো। ম্যাককালামের ব্যাটিং দেখে মনে হচ্ছে অনন্তকাল ধরে ব্যাট করে যেতে পারবেন। পিঠে ব্যথা, পা ও কাঁধে ভালোই ছাপ রেখেছে চোট, তার পরও এরই মধ্যে ক্রিজে কাটিয়ে দিয়েছেন ৭২৭ মিনিট, নিউজিল্যান্ডের মাটিতে সবচেয়ে বেশি সময় ধরে ব্যাটিং করার রেকর্ড থেকে মুছে ফেলেছেন পাকিস্তানের শোয়েব মোহাম্মদকে (৭২০ মিনিট)। আর কতক্ষণ টানবেন দলের লাগাম? ‘নিশকে (নিশাম) ধন্যবাদ যে সে শট খেলে গেছে, স্কোর বোর্ডটা তাই নড়াচড়া করেছে, কারণ নির্জলা সত্য হলো আমি শুধু টিকে থাকার চেষ্টা করেছি’—ক্লান্তি ছুঁয়েছে ম্যাককালামকেও। তবে নিশ্চয়ই দেশের ইতিহাসের প্রথম ট্রিপল সেঞ্চুরিটি করা না পর্যন্ত থামবেন না। হারের ভয় বিতাড়িত, এক ডানহাতির সঙ্গে তিন বাঁহাতি পেসারকে লেলিয়ে দিয়ে ভারতকে এরপর হারানোরই চেষ্টা করবেন হয়তো। আর্থিক পেশিশক্তির জোরে বিশ্ব ক্রিকেটে দাদাগিরি দেখানো ভারতকে হারানোর তৃপ্তিটা যে অন্য রকম।
শেষ বিকেলে ম্যাককালাম যখন মাঠ ছাড়ছেন, ধোনিরা অভিবাদন জানালেন তাঁকে। পুরো বেসিন রিজার্ভ দাঁড়িয়ে শ্রদ্ধাবনত। একেই তো বলে সত্যিকারের দাদাগিরি! তথ্যসূত্র: সনি সিক্স, ওয়েবসাইট।