ইতিহাসের দিকে মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদ বড় ব্যবধানে জেতে তো বার্সেলোনা উড়িয়ে দেয় প্রতিপক্ষকে। এ রকম হয়ে আসছে স্প্যানিশ লিগে। দুই স্প্যানিশ পরাশক্তির এই দ্বৈরথ এবার চ্যাম্পিয়নস লিগেও দৃশ্যমান। আগের দিন রিয়াল মাদ্রিদ আয়াক্সকে হারাল ৩-০ গোলে, পরশু বার্সেলোনা এর জবাব দিল বাতে বরিসভকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে। মিনস্কের বৃষ্টিভেজা সন্ধ্যায় বার্সেলোনার গোলবন্যায় লিওনেল মেসি করেছেন জোড়া গোল। আর এতে তিনি ছুঁয়ে ফেলেছেন একটি মাইলফলক। হাঙ্গেরির কিংবদন্তি লাডিসলাও কুবালার সঙ্গে যৌথভাবে বার্সেলোনার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এখন তিনি (১৯৪)। তাঁর সামনে রইলেন শুধু সিজার রদ্রিগেজ (২৩৫ গোল)। তবে মেসি যেভাবে এগোচ্ছেন তাতে সিজারের রেকর্ড ভাঙাটা হয়তো তাঁর জন্য খুব দূরের ব্যাপার নয়।পরশু মিনস্কে অবশ্য মেসি বা তাঁর সতীর্থদের কারোরই সেরাটা দেওয়ার দরকার পড়েনি। বাতে বরিসভের নড়বড়ে রক্ষণের ভুলে ১০ মিনিটেই এগিয়ে যায় বার্সা। মেসি ছিলেন সামনে, এ অবস্থায় দানি আলভেজের ক্রস রুখতে গিয়ে নিজেদের জালেই বল ঠেলে দেন স্বাগতিক দলের ডিফেন্ডার ভলোদকো। বার্সেলোনার আক্রমণভাগ রয়েছে দুর্দান্ত ফর্মে, লিগের সর্বশেষ তিন ম্যাচে তাদের ১৫ গোলই এটির সাক্ষ্য দেয়। তা ছাড়া আগের ম্যাচে এসি মিলানের সঙ্গে ২-২ গোলে ড্রয়ের পর এবারের চ্যাম্পিয়নস লিগে প্রথম জয়টা মিনস্কে পেতে মরিয়াই ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। পেদ্রো, মেসি আর ভিয়ারা সেই জয়টাই তুলে নিয়েছেন অনায়াসে। জয় পেয়েছে মিলানও। চোট কাটিয়ে ফেরার ম্যাচে দুর্দান্ত খেলেছেন ইব্রাহিমোভিচ। চেক দল প্লজেনের বিপক্ষে মিলানের ২-০ গোলের জয়ে প্রথম গোলটি তাঁর, করেছেন পেনাল্টি থেকে। আন্তোনিও কাসানোর দেওয়া দ্বিতীয় গোলটিতেও অবদান রেখেছেন সুইডিশ স্ট্রাইকার।তবে ইতিহাস গড়ার পথে মেসির আরেক পা এগিয়ে যাওয়া বা ইব্রাহিমোভিচের দারুণ ফেরার এই রাতে ইউরোপীয় ফুটবলে আলো ছড়িয়েছেন অক্সলেড চেম্বারলেইন নামের ১৮ বছর বয়সী এক ইংলিশ। দারুণ এক গোল করে আর্সেনালকে অলিম্পিয়াকসের বিপক্ষে ২-১ গোলে জিতিয়েছেন এই তরুণ, গড়েছেন একটি ইংলিশ রেকর্ড। থিও ওয়ালকট খেলতে পারেননি ইনজুরির কারণে। তাঁর শূন্যস্থানে অভিষেক হলো চেম্বারলেইনের। আর অভিষেকেই গোল পেয়ে সর্বকনিষ্ঠ ইংলিশ গোলদাতা হিসেবে চ্যাম্পিয়নস লিগে গড়লেন ইতিহাস। পোর্টসমাউথে জন্ম নেওয়া ইংল্যান্ডের সাবেক ফুটবলার মার্ক চেম্বারলেইন-তনয়কে নিয়ে উচ্ছ্বসিত আর্সেনালের সহকারী কোচ প্যাট রাইস, ‘আর্সেনালের সমর্থকদের এই ছেলে আরও অনেক কিছুই দিতে চলেছে।’মঙ্গলবার রাতটা ইংলিশদের জন্য ভালো যায়নি। ম্যানচেস্টার শহরের দুই ক্লাবের একটি হেরেছে, একটি করেছে হারতে হারতে ড্র। বুধবার ইংল্যান্ডের মান কিছুটা হলেও বাঁচিয়েছে এ মৌসুমে ঝঞ্ঝার মুখে পড়ে যাওয়া আর্সেনাল। তবে স্পেন থেকে জিততে জিততেও ড্র নিয়ে ফিরেছে চেলসি।ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের ৫৬ মিনিটের গোলে এগিয়ে যাওয়ার ‘ব্লু’রা অগ্রগামিতা ধরে রেখেছিল ৮৫ মিনিট পর্যন্ত। কিন্তু ৮৬ মিনিটের পেনাল্টি গোলে সমতায় ফেরে ভ্যালেন্সিয়া। ল্যাম্পার্ডের বদলি হিসেবে মাঠে নামা সলোমান কালুর হ্যান্ডবল থেকে পাওয়া পেনাল্টিতে লক্ষ্যভেদ করেন রবার্তো সলদাদো। নিজেদের মাঠে বুক চিতিয়ে লড়াই করার পুরস্কারই পেয়েছে স্প্যানিশ দলটি। ফরাসি-জার্মান লড়াইয়ে জার্মান চ্যাম্পিয়ন বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ফ্রান্সের মার্সেই। এএফপি, রয়টার্স।