ইতিহাসের ধারা পাল্টাতে চান মেক্সিকোর কোচ
খেলায় ফলাফল কি হবে, সেটা পরের ব্যাপার। কিন্তু শুরু থেকেই সবাই যদি বলতে থাকে তোমার কোনো সুযোগ নেই, আবারও মুখ থুবড়ে পরবে, তাহলে মাথা ঠান্ডা রাখা কষ্টকরই হয়ে পড়ে। মেক্সিকোর কোচ হাভিয়ের আগুয়েরের তেমনটাই হয়েছে। দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে মেজাজটা খিটখিটে হয়ে উঠেছে আগুয়েরের। মেক্সিকোর কোনো সুযোগ নেই—এমন কথা বলায় এক বিশ্লেষকের ওপর তো চরম চটেছেন তিনি। ফুটবল বিশ্বকাপ ফলাফলের ধারাটা যে এবার পাল্টাতে চান মেক্সিকান কোচ।বিশ্লেষকদের আর দোষ কী? শেষ ষোলোতে গিয়ে কেন জানি বারবার আটকে যায় মেক্সিকো। গত চারটা বিশ্বকাপে অনেক প্রতিভাবান খেলোয়াড় নিয়েও দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল মেক্সিকো। মাত্র দুইবারই কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল দলটি। সেটাও আবার নিজেদের মাটিতে। মেক্সিকোর এই পরিসংখ্যানের পর বিশ্লেষকেরা তো বলতেই পারেন, মেক্সিকো এবারও শেষ ষোলোর ফাঁড়া কাটাতে পারবে না। তার ওপর তাদের প্রতিপক্ষ এবার মেসি-ম্যারাডোনার আর্জেন্টিনা। গত বিশ্বকাপে এই আর্জেন্টিনার কাছে হেরেই দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিল মেক্সিকো। কিন্তু মেক্সিকো কোচ হাভিয়ের আগুয়েরে তা কিছুতেই মানতে পারছেন না। আগুয়েরে বলেছেন, ‘সবাই বলছে, আমাদের কোনো আশা নেই। কিন্তু আমরা ইতিহাসের ধারাটা পাল্টাতে চাই।’সারাক্ষণ মেজাজটা খারাপ থাকলেও ম্যারাডোনার কথা উঠতেই হাসি ফুটে উঠল আগুয়েরের মুখে। দুজনই খুব ভালো বন্ধু। ১৯৮৬ বিশ্বকাপে দুজনই খেলেছিলেন মেক্সিকো আর আর্জেন্টিনার হয়ে। আগুয়েরে বিদায় নিয়েছিলেন কোয়ার্টার ফাইনাল থেকে। ম্যারাডোনার হাতে উঠেছিল শিরোপা। এবারও কি একই রকম থাকবে দৃশ্যপট? নাকি মেক্সিকোর ফুটবল ধারাটা সত্যিই পাল্টাতে পারবেন আগুয়েরে?