ইতিহাসের পাতায় আত্তার
জুডোকার উদজান আলী সিরাজ আবদুল রহিম শারকানি গত সপ্তাহে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিলেন সৌদি আরবের প্রথম নারী হিসেবে অলিম্পিকে অংশ নিয়ে। আজ বুধবার দেশটির প্রথম নারী হিসেবে অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দৌড়ানোর ইতিহাস গড়লেন সারাহ আত্তার।৮০০ মিটার দৌড়ে ১৯ বছর বয়সী আত্তার সাফল্য তেমন পাননি। আটজনের মধ্যে হয়েছেন অষ্টম। সময় নিয়েছেন ২ মিনিট ৪৪.৯৫ সেকেন্ড। হিটে জয়ী কেনিয়ার দৌড়বিদ জানেথ জেপকসগেইয়ের চেয়ে ৪৩ সেকেন্ড বেশি সময় নেন তিনি। তবে সাফল্য কতটুকু এসেছে, তা বড় কথা নয়, সৌদি নারীদের প্রতিনিধিত্ব করতে পেয়েছেন, এতেই গর্বিত আত্তার।‘এটা অবিশ্বাস্য অভিজ্ঞতা। সৌদি নারীদের প্রতিনিধিত্ব করাটা অনেক বড় সম্মানের। এটা ঐতিহাসিক মুহূর্ত। আশা করছি, এটা অনেক কিছুই বদলে দেবে। এটা সত্যি অবিশ্বাস্য এক অভিজ্ঞতা’, সাংবাদিকদের বলেছেন উচ্ছ্বসিত আত্তার। জন্মসূত্রে সৌদি আরবের নাগরিক হলেও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্বও রয়েছে সারাহ আত্তারের। লস অ্যাঞ্জেলসের একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি। অলিম্পিকের ইতিহাসে এবারই প্রথমবারের মতো দুই নারী প্রতিযোগীকে পাঠিয়েছে সৌদি আরব। শোনা যাচ্ছিল, যোগ্যতা অর্জন না করায় কোনো নারী প্রতিযোগী পাঠাবে না সৌদি আরব। কিন্তু সে দেশের মানবাধিকার সংস্থাগুলো নারী অ্যাথলেটদের পাঠাতে চাপ দিয়ে আসছিল। অন্যথায় দেশটিকে অলিম্পিক থেকে বহিষ্কারের দাবিও জানিয়ে আসছিল মানবাধিকার সংস্থাগুলো। শেষ পর্যন্ত সৌদি সরকার নারীদের অংশ নেওয়ার অনুমতি দেওয়ায় এই সিদ্ধান্তকে স্বাগত জানায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। কিন্তু পুরুষ প্রতিযোগীদের সঙ্গে নারীদেরও লন্ডন অলিম্পিকে পাঠানোর সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেছিল সৌদির রক্ষণশীল লোকেরা। রয়টার্স।