ইতিহাসের পুনরাবৃত্তি দেখছেন ইউসেবিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল-বিধাতা যেন নিজের হাতে লিখেছিলেন এই চিত্রনাট্য। ৪৪ বছর পর আবার যখন বিশ্বকাপে এল উত্তর কোরিয়া, তাদের গ্রুপেই কিনা পর্তুগাল! সেই পর্তুগাল, ৪৪ বছর আগে স্বপ্নযাত্রায় উড়তে থাকা উত্তর কোরিয়ানদের যারা নামিয়ে এনেছিল মাটিতে। আজ আবার যখন মুখোমুখি দু দল, স্মৃতির ডানায় ভর করে অনেকেই ফিরে যাচ্ছেন ৪৪ বছর আগে।ওই ম্যাচটি যাঁর মনে পড়ার কথা সবচেয়ে বেশি, সেই ইউসেবিও এবারও দলের সঙ্গে আছেন। আনুষ্ঠানিক কোনো পদে নন, তাঁর দায়িত্ব দলকে অনুপ্রেরণা দেওয়া। এই কাজ তাঁর চেয়ে বেশি আর কেইবা করতে পারেন! পর্তুগালের সর্বকালের সেরাদের একজনই শুধু নন, তিনি তো ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় রূপকথার জনকদেরও একজন। ১৯৬৬তে নিজেদের প্রথম বিশ্বকাপেই সবাইকে চমকে দিয়েছিল উত্তর কোরিয়া, চিলির সঙ্গে ড্র করে ও ইতালিকে হারিয়ে উঠে গিয়েছিল কোয়ার্টার ফাইনালে। এর পরই পর্তুগালের সঙ্গে ওই ম্যাচ।চমক অব্যাহত রেখেছিল কোরিয়া ওই ম্যাচেও, ২৫ মিনিটের ভেতর তারা এগিয়ে গিয়েছিল ৩-০ গোলে। এরপর ইউসেবিওর নেতৃত্বে পর্তুগালের ফেরা। ইউসেবিও একাই করলেন ৪ গোল, পর্তুগাল জিতল ৫-৩ গোলে। সেই ম্যাচের পর এই প্রথম মুখোমুখি দু দল। পুরোনো পরাজয়ের প্রতিশোধ নেবে উত্তর কোরিয়া, এমনটাও ভাবছেন অনেকে। ইউসেবিও অবশ্য এ রকম কোনো সম্ভাবনাই দেখছেন না, ‘আমার ধারণা আমরা আবার জিতব। আশা করি, পর্তুগাল শুরুতেই গোল করবে এবং ফলাফল যদি শেষ পর্যন্ত ওই ১-০ থাকে, তবুও ক্ষতি নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ৩ পয়েন্ট।’এই দু দলের ম্যাচের আগে সেই ম্যাচ নিয়ে কথা হবে না, তা তো আর হয় না। ৪৪ বছর আগের স্মৃতিটা এখনো পরিষ্কার মনে পড়ে ইউসেবিওর, ‘অনেক বছর হয়ে গেছে, তবে এই স্মৃতিটা সব সময়ই দারুণ। সে সময় আমি ভাবতেও পারিনি এক ম্যাচে ৪ গোল করতে পারব। সব ফুটবলারেরই জীবনে একটা দিন আসে যখন সবকিছু তার ইচ্ছমতো হয়। ওই দিনটাও হয়তো আমারই ছিল।’ইউসেবিওর অনুপ্রেরণা আজ একটু বেশিই দরকার পর্তুগালের। প্রথম ম্যাচে আইভরিকোস্টের সঙ্গে ড্রয়ের পর জয়টা আজ বড্ড বেশি প্রয়োজন রোনালদোদের। ওয়েবসাইট।