ইতিহাসের পুনরাবৃত্তিই তাহলে হোক!
আগের ম্যাচটা জিতলে আজ নির্ভার হয়ে মাঠে নামতে পারতেন মুশফিকরা। সিরিজ জয় হয়ে যেত, হোয়াইটওয়াশের হাতছানিতে হয়তো আরও উদ্দীপ্ত থাকত দল। তবে এই ভাবনা বা হতাশাটুকুও কিন্তু বাংলাদেশ ক্রিকেটের এগিয়ে যাওয়ার একটা প্রমাণ। খুব বেশি দিন হয়নি, শেষ ম্যাচের আগে সিরিজে সমতা থাকলে সেটাই হতো বাংলাদেশের জন্য বড় পাওয়া। ইতিহাস বলছে, সিরিজ জয়ের সম্ভাবনা নিয়ে তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ নামতে পারছে এ নিয়ে মাত্র পাঁচবার!প্রথমবার ২০০৪ সালে, ভারতের বিপক্ষে। এখনকার ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অভিষেক ওয়ানডেতে চট্টগ্রামে দারুণ লড়েও বাংলাদেশ হেরেছিল ১১ রানে। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ছিল ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে। বক্সিং ডেতে ভারত মহাসাগরের প্রলয়ংকরী সুনামি যখন ভাসিয়ে নিয়ে গেছে বিস্তীর্ণ উপকূলের সবকিছু, ভারতের বিপক্ষে অভাবনীয় এক জয়ে তখন খুশির জোয়ারে ভাসছে বাংলাদেশ। সেটি ছিল বাংলাদেশের শততম ওয়ানডে ম্যাচ, আর মাত্র ষষ্ঠ জয়। শেষ ম্যাচে অবশ্য ৩৪৮ রানের পাহাড় গড়ে ৯১ রানের জয়ে সিরিজ জিতে যায় সৌরভ গাঙ্গুলীর দল।পরের অভিজ্ঞতাটাও প্রায় একই। এবার প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ২০০৬ সালের ফেব্রুয়ারি। বগুড়ায় প্রথম ম্যাচে ১১৯ রানের পুঁজি নিয়েও বাংলাদেশ লড়ে হারে ৫ উইকেটে। দ্বিতীয় ম্যাচে একই মাঠে দারুণ এক জয়। শ্রীলঙ্কাকে ২১২ রানে আটকে রেখে বাংলাদেশ ৪ উইকেটে জিতে যায় তিন ওভার বাকি থাকতেই। মোহাম্মদ আশরাফুলের ৫১ ছিল একমাত্র ফিফটি। তবে জাভেদ ওমর (৪০), অধিনায়ক হাবিবুল বাশার (৩৩) ও আফতাব আহমেদ (২১ বলে ৩২*) খেলেছিলেন গুরুত্বপূর্ণ তিনটি ইনিংস। চট্টগ্রামে শেষ ম্যাচে যথারীতি একই ভাগ্য। শ্রীলঙ্কার তিন শ ছাড়ানো স্কোর, বাংলাদেশের হার ৭৮ রানে।বিদেশের মাটিতে প্রথমবার ১-১ অভিজ্ঞতা ২০১০ সালে, ইংল্যান্ডে। প্রথম ওয়ানডেতে ট্রেন্টব্রিজে ২৫০ রান তুলেও ৬ উইকেটের অনায়াস পরাজয় মানতে হয় বাংলাদেশকে। ব্রিস্টলে দ্বিতীয় ওয়ানডেতে ২৩৬ করেও ৫ রানের জয়। ১ উইকেট হাতে নিয়ে শেষ ওভারে ১০ রান প্রয়োজন ছিল ইংল্যান্ডের, ওভারের তৃতীয় বলে ৯৪ রানে থাকা জোনাথন ট্রটকে আউট করে দিলেন শফিউল ইসলাম। গোটা বিশ্ব যখন কাঁপছে বিশ্বকাপ ফুটবল জ্বরে, বাংলাদেশ তখন করল বৃত্ত পূরণ। টেস্ট খেলুড়ে সব দলকে হারানোর চক্র পূরণ হয়েছিল ওই জয়েই।১-১ থেকে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ একবারই। ২০০৯ সালের জানুয়ারিতে, এই জিম্বাবুয়ের বিপক্ষেই ঢাকায়। প্রথম ওয়ানডেতে ১২৪ রানে গুটিয়ে গিয়েও জয়ের সুবাস পাচ্ছিল বাংলাদেশ। কিন্তু নবম উইকেটে প্রাইস-মুপারিয়ার অবিচ্ছিন্ন ৩৫ রানের জুটিতে ২ উইকেটে জিতে যায় জিম্বাবুয়ে। পরের দুই ম্যাচেই ৬ উইকেটের অনায়াস জয়ে সিরিজ বাংলাদেশের।এবারও জিম্বাবুয়ে, দুই ম্যাচ শেষে সিরিজ ১-১। ইতিহাসের পুনরাবৃত্তিই তবে হোক!