ইতিহাসের বাধা পেরিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর দশটা কোচের সঙ্গে একটা জায়গায় ভিসেন্তে দেল বস্কের দারুণ অমিল। ডাগ-আউটের সামনে চিৎকার-চেঁচামেচি তো দূরের কথা, পায়চারি করতেও দেখা যায় না স্প্যানিশ কোচকে। প্রায় সব ম্যাচেরই পুরোটা সময় পাথুরে মুখ নিয়ে বসে থাকেন ডাগ-আউটে। পরশু প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের প্রথম ২০-২৫ মিনিট সেই দেল বস্ককেই দেখা গেল ভীষণ রকম অস্থির, থিতু হয়ে বসতে পারছিলেন না ডাগ-আউটে। তাঁর দলকে যে থিতু হতে দিচ্ছিল না প্যারাগুয়ে!স্পেনকে নিজেদের খেলাটা খেলতে দেওয়া যাবে না—জোহানেসবার্গের এলিস পার্কে পরশু এই ব্রত নিয়েই যেন নেমেছিল প্যারাগুয়ে। তাতে পুরোপুরি সফল তারা, পুরো ম্যাচেই ভুগিয়েছে স্পেনকে। পুরো টুর্নামেন্টে ছন্দময় ফুটবল খেলা স্পেনকেও তাই পরশু মাঝে মাঝে মনে হলো অগোছালো, ভুল পাসও হয়েছে অনেক। এমনকি ম্যাচ শেষে দেল বস্ক বলেছেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর স্পেন দলকে কখনো এতটা অস্বস্তিতে খেলতে দেখিনি, এত ভুল পাস খেলতে দেখিনি!’প্যারাগুয়ের ‘প্রেসার’ ফুটবল একটা কারণ, চাইলে কারণ বের করতে পারেন আরেকটি—এটা যে কোয়ার্টার ফাইনাল! কোয়ার্টার ফাইনাল মানেই প্রতিপক্ষের চেয়েও স্পেনের বড় বাধা নিজেরাই, নিজেদের মানসিকতা আর ইতিহাসের বাধা। এখান থেকে বারবার বাদ পড়তে পড়তে তাদের নামই হয়ে গেছে কোয়ার্টার ফাইনালের দল। তবে শেষ পর্যন্ত মানসিক আর ইতিহাসের বাধা জয় করতে পেরেছে স্পেন। অস্বস্তিকর পারফরম্যান্সের কথা দেল বস্ক স্বস্তিতে বলতে পারছেন, কারণ শেষ পর্যন্ত প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছে স্পেন। এর আগে ১৯৫০ বিশ্বকাপে চতুর্থ হয়েছিল স্পেন। তবে সেবার সেমিফাইনাল বলে কিছু ছিল না।দুদলকে আলাদা করেছে চোখধাঁধানো একটি মুহূর্ত, নাটকীয় একটি গোল। অবশ্য ওই গোলের আগে যে রকম নাটক হয়ে গেছে, তাতে এই ম্যাচের হয়তো অমন নাটকীয় গোলই পাওনা ছিল। দ্বিতীয়ার্ধে প্রথমার্ধের চেয়ে অনেকটা গোছালো ফুটবল খেলেছে স্পেন, কিন্তু হঠাৎ করেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়ে যায় প্যারাগুয়ে। তিন মিনিটের মধ্যে তিনটি পেনাল্টি পেয়েছিল দুদল, কিন্তু গোল হয়নি একটিও! ৫৭ মিনিটে প্যারাগুয়ের একটি কর্নারের সময় অস্কার কারদোজোকে টেনে ফেলে দেন স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকে, পেনাল্টি পায় প্যারাগুয়ে। কিন্তু জাপানের বিপক্ষে টাইব্রেকারে শেষ গোলটি করে প্যারাগুয়েকে শেষ আটে আনা কারদোজোর শট বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে লুফে নেন ইকার ক্যাসিয়াস।পরক্ষণেই পাল্টা আক্রমণে উঠে যাওয়া ডেভিড ভিয়াকে বক্সের ভেতর ফেলে দিলে পেনাল্টি পেয়ে যায় স্পেন। জাবি আলোনসোর শট জালে জড়ালে উল্লাসে মেতে ওঠে স্প্যানিশরা, কিন্তু রেফারি জানায় আবার নিতে হবে পেনাল্টি, কারণ কিক নেওয়ার আগেই বক্সে ঢুকে পড়েছিলেন দুই স্প্যানিশ ফুটবলার। এবার আলোনসোর শট বাঁদিকে ঝাঁপিয়ে ফিরিয়ে দেন জাস্তো ভিলার, ফিরতি বলে সার্জিও রামোসের শট ফিরে আসে গোল লাইনে দাঁড়ানো এক ডিফেন্ডারের পায়ে লেগে। স্পেনের স্বস্তির গোলটি আসে ৮৩ মিনিটে। সার্জিও বুসকেটসের পাস ধরে নিজের প্রতিভার ঝলক আরেকবার দেখিয়ে প্যারাগুয়ে ডিফেন্স ভেঙেচুরে ঢুকে পড়েন আন্দ্রেস ইনিয়েস্তা, বক্সের ভেতর দারুণ এক পাস দেন পেদ্রোকে। পেদ্রোর শট পোস্টে লেগে ফিরে চলে যায় ফাঁকায় দাঁড়ানো ভিয়ার কাছে। ভিয়ার শট ডানদিকের পোস্টে ফিরে বাঁ দিকেরটায় লেগে এর পর ঢুকে যায় জালে।দলের খেলায় সন্তুষ্ট হতে না পারলেও দেল বস্ক উল্লসিত ইতিহাস গড়তে পেরে, ‘আমরা খুব ভালো খেলতে পারিনি, তবে জিতেছি যোগ্য হিসেবেই। স্পেনের ফুটবলের জন্য এটা অসাধারণ একটা মুহূর্ত। ম্যাচ-সেরা ইনিয়েস্তার কণ্ঠেও ছিল উচ্ছ্বাস, ‘এই ম্যাচে আমাদের যথেষ্ট ভুগতে হয়েছে। তবে এখন আমরা খুশি এবং গর্বিত। বিশ্বের সেরা চার দলের একটি আমরা, অসাধারণ অনুভূতি!’ সেস ফ্যাব্রিগাস অবশ্য বাস্তববাদী, দৃষ্টি তাঁর আরও সামনে, ‘ভালো লাগছে, তবে এখনো আমরা কিছুই করিনি। সেমিফাইনাল খেলে ফাইনাল খেলতে না পারলে কোনো লাভ নেই।’ এএফপি।