ইতিহাসের সবচেয়ে অভাগা ক্রিকেটার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যারি রিচার্ডস
ব্যারি রিচার্ডস

মাত্র চারটি টেস্ট খেলেছেন। সাত ইনিংসের ক্যারিয়ারের চারটিতেই দুটো সেঞ্চুরি, দুটো ফিফটি। গড় ৭২.৫৭। সেই ব্যাটসম্যানটির ৩৩৯ ম্যাচের লম্বা ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে রান ২৮ হাজার ৩৫৮। গড় ৫৪.৭৪। ৮০টি সেঞ্চুরি, আছে ১৫২টি ফিফটিও। কারণ জানা না থাকলে অবাক হতেই হয়, কেন মাত্র চার টেস্টেই শেষ হয়ে গেল অমিতপ্রতিভাধর এই ব্যাটসম্যানের ক্যারিয়ার? ফার্স্ট ক্লাসের পরিসংখ্যানই তো বলছে, ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন ছিলেন তিনি।      
ইতিহাসের অন্যতম সেরা। হয়তো হতে পারতেন ডন ব্র্যাডম্যানের পর সর্বকালেরই সেরা। কিন্তু সেই সুযোগটিই পাননি ব্যারি রিচার্ডস। বর্ণবাদের থাবায় বিসর্জন দিতে হয়েছে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার। ক্রিকেটে তাঁর মতো অভাগা খেলোয়াড় আর কজন আছে বলুন!
১৯৭০ সালে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে নিষিদ্ধ হওয়ার আগে অভিষেক হয়েছিল রিচার্ডসের। খেলেছিলেন একটি মাত্র টেস্ট সিরিজ। ৪৪ বছর আগে আজকের এই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক। শুরুটা আহামরি হয়নি। দুই ইনিংসে করেছিলেন ২৯ ও ৩২ রান। কিন্তু পরের টেস্টেই সেঞ্চুরি করে জাত চেনান। ১৬২ বলে ১৪০ রানের ইনিংস। সেঞ্চুরি ১১৬ বলে। ম্যাচটা দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ১২৯ রানে জিতে যাওয়ায় পরের ইনিংসে ব্যাটই ধরতে হয়নি। জোহানেসবার্গের তৃতীয় টেস্টে ৬৫ ও ৩৫ রানের ইনিংস খেললেও দল জেতে ৩০৭ রানে। চতুর্থ টেস্টে তাঁর ৮১ ও ১২৬ রানের কল্যাণে দক্ষিণ আফ্রিকা তারকাবহুল অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করে ৪-০ ব্যবধানে।
কিন্তু বিশ্ব ক্রিকেটকে নিজের ঝলক দেখানো থেকে রিচার্ডস বঞ্চিত হন এর পরই। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদনীতির বিরুদ্ধে শাস্তি হিসেবে আইসিসি দক্ষিণ আফ্রিকাকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করে। রিচার্ডস অন্যতম খেলোয়াড় হিসেবে ১৯৭১ সালে এক প্রাদেশিক ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার সরকারের বর্ণবাদনীতির বিরুদ্ধে প্রতিবাদে পদযাত্রা কর্মসূচিতেও অংশ নিয়েছিলেন।
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ব্যারি অবশ্য ক্রিকেটবোদ্ধা আর দর্শকদের মন জয় করেছিলেন তাঁর ব্যাটিংশৈলী দিয়েই। স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান তাঁকে দিয়েছিলেন লেন হাটন ও জ্যাক হবসের সমতুল্য ব্যাটসম্যানের মর্যাদা। ব্র্যাডম্যানের মৃত্যুর পর প্রকাশিত তার সর্বকালের সেরা দলের তালিকায়ও ছিলেন রিচার্ডস। ব্র্যাডম্যান আখ্যায়িত করেছিলেন সর্বকালের সেরা ডানহাতি ওপেনার হিসেবেও। আরেক অস্ট্রেলিয়ান গ্রেট গ্রেগ চ্যাপেল জানিয়েছিলেন ক্রিকেটে রিচার্ডসে প্রভাবিত ছিলেন তিনি।

কাউন্টি ক্রিকেটে হ্যাম্পশায়ারের হয়ে প্রথম বছরে করেছিলেন ২৩৯৫ রান। গর্ডন গ্রিনিজকে সঙ্গে নিয়ে গড়েছিলেন কাউন্টির সেরা ওপেনিং জুটি। প্রতি বছরই কাউন্টিতে রান সংগ্রহে সেরা ২০-এ অবস্থান থাকত। ৫০.৫১ গড়ে কাউন্টিতে ১৫ হাজার ৬০৭ রান করেছেন। তিনবার গড়েছেন ইনিংসের আদ্যোপান্ত ব্যাটিংয়ের রেকর্ড।

১৯৭১ সালে শেফিল্ড শিল্ডের এক ম্যাচে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে খেলেন ৩৫৬ রানের ইনিংস। ৪৪টি চার এবং একটি ছক্কা হাঁকিয়ে ছিলেন। এক দিনেই ৩২৫ রান করা রিচার্ডস ছিলেন মাত্র পঞ্চম ক্রিকেটার। ডেনিস লিলি, গ্রাহাম ম্যাকেনজি আর টনি লুকের মতো বোলারদের সামলেই এত রান করেছিলেন। ম্যাকেনজি পরে স্মৃতিচারণা করে বলেন, ‘আমার প্রথম বলে ব্যারি পরাস্ত হওয়ায় ভেবেছিলাম ভালো একটি দিন হবে। কিন্তু তখনো বুঝিনি প্রথম বলটিই হবে ব্যাটসম্যানকে পরাস্ত করা শেষ বল। আপনি যদি বোলার হতেন, তবে সেদিন আর বোলিংই করতে চাইতেন না।’

রিচার্ডস প্রথম শ্রেণীর ক্রিকেটে এমন নয়টি সেঞ্চুরি করেছেন যেগুলোর শতক পূর্ণ হয়েছে লাঞ্চের আগেই। ১৫ বার মৌসুমে এক হাজারের বেশি রান করার কৃতিত্বও রয়েছে রিচার্ডসের। বাজিমাত করেছিলেন কেরি প্যাকারের ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেটেও। ৭৯.১৪ গড়ে পাঁচ ম্যাচের ৮ ইনিংসে ৫৫৪ রান করেন। দুটি শতকের পাশাপাশি ২ অর্ধশতকও ছিল। তাঁর ছায়ায় আড়ালে চলে গিয়েছিলেন ভিভ রিচার্ডসও।

১৯৪৫ সালের ২১ জুলাই ডারবানের নাটাল প্রদেশে জন্ম। ডারবান উচ্চবিদ্যালয়ের ছাত্রস্কুল ক্রিকেট খেলেছেন এই দলের হয়েই। ১৯৬২ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত খেলেন দক্ষিণ আফ্রিকার স্কুল দলে। এই দলের হয়ে পশ্চিম প্রদেশের বিপক্ষে সেঞ্চুরি নির্বাচকদের দৃষ্টি কাড়ে। এমসিসি ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকা তরুণ একাদশের হয়ে দারুণ পারফরম্যান্সে জাতীয় দলে ডাক পান।

অবসরের পর টুকরো-টাকরা কাজ করেছেন কোচ হিসেবে। তবে সুখ্যাতি পেয়েছেন কমেন্ট্রি বক্সেই। ১৯৬৮ সালে উইজডেনের বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জেতা রিচার্ডস আইসিসির হল অব ফেমে অন্তর্ভুক্ত হন ২০০৯ সালে। চমত্কার ফুটওয়ার্ক, কবজির জোর, দৃষ্টির তীক্ষতায় তাঁর অভিধানবহির্ভূত সৃজনশীল শটে মোহিত দক্ষিণ আফ্রিকানরা স্বীকৃতি দেয় বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ ক্রিকেটারের। কিন্তু তাতে কি আক্ষেপ ঘুচবে তাঁর?

ক্যারিয়ারের চার টেস্টের সবগুলোই জিতেছিলেন—এটাই বোধ হয় রিচার্ডসের একমাত্র সান্ত্বনা!