ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ!
অনেক চড়াই-উতরাই পেরোনো রোমাঞ্চকর এক অভিযানের শেষ ধাপ। সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত প্রিমিয়ার লিগ শিরোপার মীমাংসা কার্যত হয়ে যেতে পারে আজই। ইতিহাদ স্টেডিয়ামে আজ মুখোমুখি ম্যানচেস্টারের দুই ‘দৈত্য’—ইউনাইটেড ও সিটি।একই শহরের চিরবৈরী দুই ক্লাবের ‘ডার্বি’ ম্যাচ চলে আসছে যুগ যুগ ধরে। কিন্তু ম্যানচেস্টার ডার্বি ঘিরে এতটা আগ্রহ ছিল না আগের আর কোনো ম্যাচেই। উত্তেজনার পারদ এতটা উঁচুতেও ওঠেনি কখনো। ছিল না এবারের মতো স্নায়ুর লড়াই। বিশ্বজুড়ে টিভিপর্দায় আজকের ম্যাচ ৬৫ কোটি দর্শক! স্যার অ্যালেক্স ফার্গুসন আজকের ম্যাচকে বলছেন, ‘ডার্বি অব অল ডার্বি ম্যাচেস।’ আর সিটি মিডফিল্ডার গ্যারেথ ব্যারির মতে, ‘প্রিমিয়ার লিগ ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ!’হিসাবটা দুই দলের জন্যই সোজা। আজ জিতলেই ট্রফিতে এক হাত। ৩৫ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ইউনাইটেড অবশ্যই সুবিধাজনক অবস্থায়। সিটির কাজটাও এমন কঠিন কিছু নয়। সমান ম্যাচে পয়েন্ট ৮০। আজ জিতলে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে উঠে যাবে শীর্ষে। এরপর শেষ দুই ম্যাচ জিতলেই চলবে। তখন ইউনাইটেডও শেষ দুই ম্যাচ জিতলে ক্ষতি নেই, গোল ব্যবধানে এখনই বেশ এগিয়ে সিটি (৬০-৫৪)। আজকের ম্যাচটা তাই কার্যত ‘ফাইনাল।’অথচ ডার্বি ম্যাচটা এতটা স্নায়ুর লড়াই হওয়ার কথা ছিল না। এই তো, সপ্তাহ তিনেক আগেও ইউনাইটেডের শিরোপা ধরে রাখা মনে হচ্ছিল স্রেফ সময়ের ব্যাপার। ৬ ম্যাচ বাকি থাকতেও সিটির চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে ছিল স্যার ফার্গির দল। সিটিকে ঘাড়ে নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিয়েছে তারাই, সর্বশেষ ৩ ম্যাচে সম্ভাব্য ৯ পয়েন্টের মধ্যে মাত্র ৪ পয়েন্ট পেয়ে। ১৯৬৭-৬৮ মৌসুমের পর সিটির লিগ শিরোপা জয়ের নিভু নিভু সলতে আবারও উজ্জ্বল হয়েছে।আজকের ইউনাইটেডের পরের দুই ম্যাচ সোয়ানসি ও সান্ডারল্যান্ডের বিপক্ষে। সিটির এক প্রতিপক্ষ কুইন্স পার্ক রেঞ্জার্স হলেও আরেক প্রতিপক্ষ ৪ নম্বরে থাকা নিউক্যাসল। সিটি কোচ রবার্তো মানচিনি তাই যেন ক্ষেত্র প্রস্তুত করে রাখলেন আগে থেকেই, ‘আমার ধারণা ইউনাইটেডের শিরোপা জয়ের সম্ভাবনা এখনো আমাদের চেয়ে বেশি। ডার্বির পর আমাদের নিউক্যাসলের বিপক্ষে কঠিন এক ম্যাচ খেলতে হবে। ইউনাইটেডের দুই ম্যাচই সহজ।’ সিটি ডিফেন্ডার ডেভিড সিলভাও বললেন, এগিয়ে থাকায় বেশি চাপে থাকবে ইউনাইটেডই!গত অক্টোবরে ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেডকে বিধ্বস্ত করেছিল সিটি ৬-১ গোলে। ইউনাইটেডের ডিফেন্সকে আজ শক্ত পরীক্ষা দিতে হবে আগুয়েরো-তেভেজ-বালোতেল্লিদের বিপক্ষে। সর্বশেষ ম্যাচে এভারটনের বিপক্ষে ড্র করলেও ৪ গোল খেয়েছে ইউনাইটেড। সব মিলিয়ে ইউনাইটেডের ডিফেন্স ও সিটির ফরোয়ার্ডদের লড়াই হয়তো গড়ে দেবে ম্যাচের ভাগ্য। সঙ্গে শিরোপার মীমাংসাও! এএফপি, ওয়েবসাইট।