ইতিহাসের সামনে আলজেরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮২ বিশ্বকাপের স্মৃতিটা এবার নিশ্চয়ই মুছে ফেলতে চাইবে আলজেরিয়া? জার্মানি-অস্ট্রিয়ার প্রহসনের ম্যাচের বলি হয়ে ‘মরুশিয়াল’দের বিদায় নিতে হয়েছিল প্রথম রাউন্ড থেকেই। ৩২ বছর পর বিশ্বকাপে আবার জয় পেয়েছে আলজেরিয়া। আজ রাশিয়াকে হারালে তো বটেই, ড্র করলেও টিকিট মিলতে পারে নকআউট পর্বের।
আগে কখনো নকআউট পর্ব খেলতে পারেনি আলজেরিয়া। ইতিহাসের সামনে দাঁড়িয়ে মিডফিল্ডার ইয়াসিন ব্রাহিমি তাই রোমাঞ্চিতই, ‘এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর একটি। এই ম্যাচ জিতেই আমরা নতুন একটা ইতিহাস লিখতে পারি। আমাদের মাথায় এখন শুধু এটাই।’ তবে অভিজ্ঞ ডিফেন্ডার মাজিদ বুগেরা পা রাখছেন মাটিতেই, ‘আমাদের সামনে এখন শেষ ষোলোতে উঠে যাওয়ার সুযোগ। তবে কোরিয়ার সঙ্গে জয়টা আমাদের খুব তাড়াতাড়ি ভুলে যেতে হবে, পা মাটিতেই রাখতে হবে।’
রাশিয়ার সামনে অবশ্য জয় ছাড়া অন্য কোনো পথ নেই। বাছাইপর্বে দুর্দান্ত খেলে বিশ্বকাপে এসেছে তারা। কিন্তু গ্রুপের শেষ ও তৃতীয় ম্যাচে নামার আগে তাদের পিঠ ঠেকে গেছে দেয়ালে। হাতে মাত্র ১ পয়েন্ট, আজ না জিততে পারলেই বিদায় হবে পরের বিশ্বকাপ (২০১৮) আয়োজকদের। রুশরা আজ তাই জয়ের জন্য মরিয়া৷ ডিফেন্ডার অ্যালেক্সেই কজলভ বললেন সেই কথাই, ‘এই দুই ম্যাচে কী হয়েছে সেটা নিয়ে আমরা হতাশ। তবে এখনো টুর্নামেন্টে আরও বেশ কিছুদূর যাওয়ার আশা আছে আমাদের। এখন আমাদের অন্যকিছু নিয়ে ভাবার সুযোগ নেই।’ এএফপি।

পয়েন্ট তালিকা

গ্রুপ ‘এইচ’
ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
বেলজিয়াম ২ ২ ০ ০ ৩/১ ৬
আলজেরিয়া ২ ১ ০ ১ ৫/৪ ৩
রাশিয়া ২ ০ ১ ১ ১/২ ১
দক্ষিণ কোরিয়া ২ ০ ১ ১ ৩/৫ ১