ইতিহাস ডাকছে তাঁকে। বাংলাদেশের ফুটবলে আগে যা হয়নি সেটাই ঘটানোর অপেক্ষায় কোচ মারুফুল হক। ইতিহাস আর তাঁর মাঝে ব্যবধান মাত্র একটি জয়ের। ঘরোয়া ফুটবলে একই মৌসুমে চারটি শিরোপা জেতার কৃতিত্ব কোনো কোচ তো বটেই, কোনো দলেরই নেই। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল সেমিফাইনালে ব্রাদার্সকে ২-০ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ের মঞ্চে উঠে গেছে শেখ রাসেল। দুটি গোলই করে নীল দলকে ফাইনালে তুলেছেন জাহিদ হাসান এমিলি।ফেডারেশন কাপ, প্রিমিয়ার লিগ, স্বাধীনতা কাপ চ্যাম্পিয়ন রাসেলের সঙ্গে লিগের অষ্টম দলটির পার্থক্য শুধু কাগজে-কলমেই নয়, মাঠের খেলাতেও। অভিজ্ঞতাতেও। সেটারই প্রমাণ মিলল কালকের ম্যাচে। ব্রাদার্স একই সঙ্গে আক্রমণে উঠেছে, কিন্তু একই সঙ্গে নামতে পারেনি। দুটি গোল করেছেন এমিলি, কিন্তু অরক্ষিত স্ট্রাইকারকে এই সুযোগ করে দিয়েছে ব্রাদার্সই। জিতেছে শেখ রাসেল, তবে একটা আফসোস নিয়েই মাঠ ছেড়েছেন এমিলি। পেনাল্টি পেয়েও যে কাজে লাগাতে পারেননি! শুরু থেকেই আক্রমণাত্মক খেলা রাসেল গোল পেয়েছে ৫ মিনিটেই। নাহিদের ক্রস থেকে এমিলির প্লেসিং প্রথমে এগিয়ে দেয় শেখ রাসেলকে (১-০)। গোলটা শোধ করার দারুণ সুযোগ পেয়েছিল ব্রাদার্স। ২৬ মিনিটে প্রথমে জুয়েল রানার শট গোলরক্ষক বিপ্লবের হাত ফসকে বেরিয়ে যায়, ওটাই মেজবাহ পাঠিয়ে দেন বাইরে! ২৯ মিনিটে প্রতি-আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করেন এমিলি, মিঠুনের ক্রসে হেড করে (২-০)।এমিলি গোল পেয়েছেন, আবার সুযোগও নষ্ট করেছেন। ৫০ মিনিটে গোলরক্ষক সুজন অনেকখানি বেরিয়ে এলেও গোল করতে পারেননি। সে যাত্রায় গোললাইন সেভ করেন ডিফেন্ডার আশরাফুল।৬৪ মিনিটে হ্যাটট্রিকের সুযোগটা নষ্ট করেছেন এমিলি। বক্সের মধ্যে জাহিদকে আশরাফুল ফেলে দিলে পাওয়া পেনাল্টিটি প্রথমে নিতে চেয়েছিলেন জাহিদ। কিন্তু তিনি তুলে দেন এমিলির হাতেই। তাঁর দুর্বল শটটি সহজেই ঠেকিয়ে দেন গোলরক্ষক সুজন। দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া ছিল ব্রাদার্স। কিন্তু তরুণ খেলোয়াড়ে ভরা ব্রাদার্স গোলমুখ খুঁজে পায়নি। অ্যাটাকিং থার্ডে গিয়ে স্ট্রাইকাররা কখনো বাইরে মেরেছেন, কখনো বল তুলে দিয়েছেন বিপ্লবের হাতে। ব্রাদার্সের স্বপ্নযাত্রা শেষ হলো সেমিফাইনালে এসে। তবে হেরেও খুশি দলের কোচ মহিদুর রহমান, ‘পুরো টুর্নামেন্টেই আমার ছেলেরা খুব ভালো খেলেছে। আজও খেলেছে আমার পরিকল্পনামতোই। তবে ক্লান্তিতে ওরা স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। শেখ রাসেল এই ম্যাচের আগে দুই দিন বিশ্রাম পেয়েছে, আমরা মাত্র একদিন। তফাতটা এখানেই।’ উল্টো দিকে জিতেও সন্তুষ্ট নন মারুফুল হক, ‘অপরিপক্ব একটা দল খেলেছে পরিণত দলের মতো। কিন্তু আমার দল খেলেছে অপরিপক্বের মতো। দ্রুত একটা গোল পেয়েছিলাম বলেই জিতেছি। এগিয়ে যাওয়ার পর খেলোয়াড়দের মধ্যে অতিরিক্ত আত্মবিশ্বাস এসে যায়।’ তবে শিরোপা জয়ের ব্যাপারে আবার আত্মবিশ্বাসী লাগছে রাসেলের কোচকে, ‘মৌসুমের তিনটা শিরোপাজয়ী দল কেন চতুর্থটি পাবে না?’প্রিমিয়ার লিগের সর্বশেষ ৪ ম্যাচেই জিতেছে শেখ রাসেল। স্বাধীনতা কাপেও টানা ৫ ম্যাচে জয়। সুপার কাপে ১ ড্র, ৩ জয়। অপ্রতিরোধ্য রাসেলের জয়রথ কি থামবে সুপার কাপ ঘরে তুলেই?