ইতিহাসের সামনে সিদ্দিকুর
এবার কি পারবেন সিদ্দিকুর? পারবেন প্রথম বাংলাদেশি হিসেবে মর্যাদাপূর্ণ ওপেন চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিতে? গলফের চারটি মেজরের তৃতীয়টির চূড়ান্ত বাছাইপর্বের এশিয়া অঞ্চলের খেলা চলছে ব্যাংককে। দুই রাউন্ডের বাছাইপর্বের প্রথম রাউন্ড শেষে সবার ওপরেই আছেন বাংলাদেশের সেরা গলফার। কাল পারের চেয়ে ৬ শট কম খেলেছেন সিদ্দিকুর। অবশ্য তাঁর সমান ৬৬ শট খেলে যৌথভাবে শীর্ষে আছেন জাপানের শৌখিন খেলোয়াড় হিদেকি মাতসুয়ামাও। এশিয়া থেকে চূড়ান্ত পর্বে সুযোগ পাবেন প্রথম চারজন। প্রথম ছয় হোলের পাঁচটিতেই বার্ডি, কাল শুরুটা দুর্দান্ত করেছেন সিদ্দিকুর। সব মিলিয়ে প্রথম দিনে মোট ৭টি বার্ডি, বিপরীতে মাত্র একটি বগি। ফর্মটা আজ ধরে রাখতে পারলেই হয়। দুই বছর আগেও সুযোগ এসেছিল সিদ্দিকুরের সামনে। সেবারও প্রথম দিন শেষে পারের চেয়ে ৬ শট কম খেলেছিলেন। তবে দ্বিতীয় দিনে বাজে তো খেলেছিলেনই, শেষ হোলে হয়েছিলেন ডিসকোয়ালিফাইডও। সেই স্মৃতি মনে রেখেই কাল প্রত্যয় ব্যক্ত করলেন সিদ্দিকুর, ‘আমি অনেক আত্মবিশ্বাসী। খেলছিও ভালো। আমি যদি আমার খেলাটা খেলতে পারি, আমি পুরোপুরি আত্মবিশ্বাসী ওপেন চ্যাম্পিয়নশিপে সুযোগ পাব।’ তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।