ইতিহাসের হাতছানি কিউইদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘক্ষণ কোনো দেখা নেই, হুট করেই একসঙ্গে চলে এল দুটি। পিটার ফুলটনের সেঞ্চুরি যেন লন্ডনের বাস! জীবনের ইনিংসে ৩৪ ছাড়িয়ে, টেস্ট অভিষেকের ৭ বছর পর অবশেষে প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছিলেন শুক্রবার। তিন দিনের মধ্যেই, একই ম্যাচে ধরা দিল আরেকটি! প্রথম সেঞ্চুরিতে বেজেছিল ঘণ্টা, কালকের সেঞ্চুরিতে শুরু হলো ক্যারিয়ারের নতুন পথচলা। নিউজিল্যান্ডের মাত্র চতুর্থ ব্যাটসম্যান হিসেবে জোড়া সেঞ্চুরির কীর্তি যখন গড়লেন, গ্যালারিতে তখন পুরো পরিবার। দেশের প্রধানমন্ত্রী জন কি অভিনন্দন জানান টুইটারে। মধ্য তিরিশে যেন নতুন জীবন শুরু হলো ফুলটনের! ফুলটনের আরেকটি সেঞ্চুরি এবং অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের ঝোড়ো ফিফটিতে ইংল্যান্ডকে ৪৮১ রানের পাহাড়সম লক্ষ্য ছুড়ে দিল নিউজিল্যান্ড। জিততে হলে রান তাড়ার ইতিহাস লেখাতে হবে নতুনভাবে। তবে ইংলিশদের অভাবনীয় কিছু করার সম্ভাবনা উবে গেছে কালই। বরং কিউইদেরই ডাকছে ইতিহাস, দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র দ্বিতীয়বার সিরিজ জয়ের হাতছানি। কাল ৫২ ওভার ধুঁকে ৯০ রান তুলতেই ৪ উইকেট হারায় ইংল্যান্ড। আজ তাই ৩৯১ রান করা নয়, ইংলিশরা নামবে মাটি কামড়ে দিনটা পার করে দিতে।তবে কাজটা সহজ হবে না মোটেও। ইডেন পার্কের উইকেটের আচরণ এমন কিছু বদলায়নি। কিন্তু ইংলিশ ব্যাটিংয়ের মেরুদণ্ড যে ভেঙে গেছে কালই! উইকেট আঁকড়ে রাখার কাজটা ভালো পারেন যে দুজন, সেই কম্পটন ও ট্রট বিদায় নিয়েছেন। শেষ বিকেলে চার বলের মধ্যে উইলিয়ামসন ফিরিয়েছেন অধিনায়ক কুক ও নৈশপ্রহরী ফিনকে। ৮৯ বলে ৮ রান নিয়ে দিন শেষ করেছেন বেল। আজও এমন কিছুই করতে চাইবেন, কিন্তু সঙ্গী পাবেন কোথায়! জনি বেয়ারস্টো ও জো রুটের মতো অনভিজ্ঞ দুজন অপেক্ষায়, ম্যাট প্রায়রের কাছে তো আক্রমণই শেষ কথা। খরার অকল্যান্ডে আজ তাই বৃষ্টির প্রার্থনায় থাকবেন ইংলিশরা। ৬৬ বলে ১৪ রান নিয়ে সকালে দিন শুরু করেছিলেন ফুলটন। সেই শান্ত ব্যাটই কাল পরিস্থিতির চাহিদা মেটাতে হয়ে গেল তরবারি। সঙ্গী পেলেন অধিনায়ককে। দুজন মিলে কচুকাটা করলেন ইংলিশ বোলিং। পঞ্চম উইকেটে ১১৭ রানের জুটি ১০১ বলে! ১২০ বলে পঞ্চাশ ছুঁয়েছিলেন ফুলটন, পরের পঞ্চাশ ছুঁতে লেগেছে ৪২ বল। নিউজিল্যান্ডের হয়ে জোড়া সেঞ্চুরি করা আগের তিনজন—গ্লেন টার্নার (১৯৭৪), জিওফ হাওয়ার্থ (১৯৭৮) ও অ্যান্ড্রু জোন্স (১৯৯১)। ম্যাককালাম খেললেন নিজের মতোই। ৫৩ বলে ৬৭ রানের ইনিংস সুযোগ করে দিল দ্রুত ইনিংস ঘোষণার। গড়ে দিল ইতিহাস গড়ার সোপানও। ওয়েবসাইট।