ইতো তবুও আছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামুয়েল ইতো
স্যামুয়েল ইতো

গণমাধ্যমের খবর, জাতীয় দল থেকে অবসর নিয়েছেন স্যামুয়েল ইতো। কিন্তু তিউনিসিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ম্যাচের জন্য গত পরশু ঘোষিত ক্যামেরুন দলে তিনি আছেন। ২৫ সদস্যের দলে চেলসি স্ট্রাইকার যথারীতি অধিনায়ক!
এ মাসেরই প্রথম দিকে লিবিয়াকে হারিয়ে প্লে-অফে জায়গা করে নিয়েছে ক্যামেরুন। ওই ম্যাচের পর ড্রেসিংরুমেই ‘পারিবারিক কারণ’ দেখিয়ে ইতো অবসরের ঘোষণা দেন। যদিও দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলে সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড় প্রকাশ্যে কোনো ঘোষণা দেননি। কোচ ভলকার ফিঙ্ক তো ইতোর অবসরের খবরটিকে পাত্তাই দেননি। ৬৫ বছর বয়সী জার্মান কোচ বলেছেন, এ মুহূর্তে ক্যামেরুন জাতীয় দলের অধিনায়ক হিসেবে ৩২ বছর বয়সী ইতোই সঠিক ব্যক্তি।
আগামী ১৩ অক্টোবর প্লে-অফের প্রথম লেগটি তিউনিসিয়ার মাঠে। ক্যামেরুনের মাঠে ফিরতি লেগটি নভেম্বর। দুই লেগ মিলিয়ে জিতলেই আফ্রিকান দেশ হিসেবে সর্বোচ্চ সপ্তমবারের মতো বিশ্বকাপের টিকিট পাবে ক্যামেরুন। অবসরের ঘোষণা দেওয়ার পরও দলে নাম—২০১১ সালে বেতন-ভাতার দাবিতে আন্দোলনে নেমে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়া ইতোর প্রতিক্রিয়া জানা যায়নি। কালই লন্ডন ডার্বিতে তাদের প্রতিপক্ষ ছিল টটেনহাম। তিনটি বিশ্বকাপ (১৯৯৮, ২০০২ ও ২০১০) খেলা ইতোর ওই ডার্বি ছাড়া অন্য কিছু নিয়ে মাথা ঘামানোর সময়ও পাননি। তবে আশা করা যায়, শিগগিরই মুখ খুলবেন ইতো। রয়টার্স ও ওয়েবসাইট।