ইতো যেখানে এক নম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টার মিলানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রাশিয়ান ক্লাব আনঝি মাখাচকালাতেই পাড়ি জমালেন এই স্যামুয়েল ইতো। গত কয়েক দিনের আলোচনার পর গত পরশু ইতোর বিষয়ে সমঝোতায় পৌঁছেছে ইন্টার মিলান ও আনঝি। গতকালই আনঝিতে ডাক্তারি পরীক্ষার পর আজ সকালেই অনুশীলনের আগে চুক্তিপত্রে সই করে ক্যামেরুনিয়ান স্ট্রাইকার হয়ে যাবেন আনঝির। আজই নতুন সতীর্থদের সঙ্গে অনুশীলন করবেন চারবারের আফ্রিকার বর্ষসেরা ফুটবলার। ইতো নয়, দুই বছরের সম্পর্কের সুতোটা ছিঁড়ে ফেলল ইন্টার মিলানই। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা কাকাকে আনার পরিকল্পনায় বিভোর ইতালিয়ান ক্লাবটি টাকা সংগ্রহের জন্য বলি দিল ইতোকে। বার্সেলোনার হয়ে দুবার ও ইন্টারের হয়ে একবার চ্যাম্পিয়নস লিগজয়ী স্ট্রাইকারকে বিক্রি করে দিল বিশ্ব ফুটবল মানচিত্রে অখ্যাত ক্লাব আনঝির কাছে। ২০০৯ সালে বার্সেলোনাও তাঁর সঙ্গে একই আচরণ করেছিল, বেচে দিয়েছিল ইন্টারের কাছে। এতে অবশ্য একটা রেকর্ডই গড়ে ফেললেন ৩০ বছর বয়সী ইতো। তিনি রোনালদো-মেসিকেও ছাপিয়ে হতে যাচ্ছেন ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার। আনঝিতে তাঁর সাপ্তাহিক বেতন হবে ৩ লাখ ৫০ হাজার পাউন্ড! তবে ইন্টারের সঙ্গে আনঝির চুক্তি কত টাকার হবে, সেটা জানা যায়নি।মাখাচকালা ভিত্তিক ক্লাব আনঝি প্রতিষ্ঠিত ১৯৯১ সালে। ককেশাস অঞ্চলের দাগেস্তান প্রজাতন্ত্রের রাজধানী মাখাচকালা রাশিয়ার অন্যতম বিপজ্জনক এবং অনগ্রসর শহর। ফুটবল মানচিত্রেও আনঝি পরিচিত কোনো নাম নয়। তবে এ বছরই জানুয়ারিতে মালিকানা কেনা রাশিয়ান সিনেটর প্রখ্যাত তেল ও খনিজ ব্যবসায়ী সুলেমান কেরিমভ আনঝিকে আলোর পথ দেখাতে চাইছেন। টাকা, ক্ষমতা—কোনো দিক দিয়েই ঘাটতি নেই কেরমভের। ক্লাবকে তিনি তুলতে চান জাতে।তার প্রমাণও মিলছে। এর আগেই ব্রাজিলের দুই তারকা রবার্তো কার্লোস এবং মিডফিল্ডার জুসিলেই ডা সিলভাকেও দলে টেনেছেন। এবার ইতোকে আনল সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড গড়েই। ইতোর আগে ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী দলের সদস্য ৩৮ বছর বয়সী কার্লোসই ছিলেন রাশিয়ান প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড়। তাঁর বার্ষিক বেতন ৫ মিলিয়ন ইউরো। এএফপি, ওয়েবসাইট।