ইতোর আফ্রিকান চেতনা

সম্ভাব্য শিরোপাজয়ী হিসেবে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দলগুলোর নামই উচ্চারিত হচ্ছে। আফ্রিকানদের নাম কেউ বলছে না। স্যামুয়েল ইতোর বিশ্বাস, আফ্রিকান দলগুলো বিশ্বকাপকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে। এমনকি জিততে পারে শিরোপাও! ‘লোকে মনে করে আফ্রিকান দেশগুলো নিজেদের চেহারা দেখানোর জন্যই যাবে। কারণ ফুটবলের কর্তারা আমাদের সম্মান করে না, এ কারণে প্রতিপক্ষরাও আমাদের সম্মান দেয় না। কিন্তু আফ্রিকানদের যত দূর সম্ভব যাওয়ার জন্য লড়াই করতে হবে । বিশ্বকাপই বা জিততে পারবে না কেন’—আফ্রিকান ফুটবল ডট কমকে বলেছেন চেলসির ক্যামেরুনিয়ান স্ট্রাইকার। আফ্রিকানদের শক্তি বোঝাতে ইতো বিশেষ করে বলেছেন ইয়া তোরের কথা। ম্যানচেস্টার সিটিকে শিরোপা জেতাতে আইভরিয়ান মিডফিল্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দলের পক্ষে সর্বোচ্চ ২০ গোল করে। ইতোর কথা, ‘এটা যদি মেসি করত, আমরা তিন-চার বছর এ নিয়ে কথা বলতাম।’ রয়টার্স।