ইতোর চার, ফোরলানের তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় কাছাকাছি বয়স দুজনের। ৩৩ পেরিয়ে যাওয়া স্যামুয়েল ইতোর মতো সাম্প্রতিক ফর্মও খুব একটা উজ্জ্বল নয় ৩৩-এর ডিয়েগো ফোরলানের। চেলসির হয়ে এই মৌসুমে ২১ ম্যাচে ৯ গোল ক্যামেরুন স্ট্রাইকারের। সিরেজো ওসাকার হয়ে চলতি মৌসুমে ১১ ম্যাচে ৮ গোল করলেও মনে রাখতে হবে উরুগুইয়ান স্ট্রাইকার ফোরলান খেলছেন জাপানের জে-লিগে। ইউরোপিয়ান ফুটবল লিগগুলোর সঙ্গে যেটির কোনো তুলনাই হয় না।

তবে ফর্ম যেমনই হোক, দুই স্ট্রাইকার কিন্তু অভিজ্ঞতায় এগিয়ে থাকবেন জাতীয় দলে অন্য যেকোনো সতীর্থের চেয়ে। ঠিক এ কারণেই আরও একটা বিশ্বকাপে এই দুজনের ওপর আস্থা রাখছেন তাঁদের জাতীয় দলের কোচরাও। কোচ ভলকার ফিনকের ২৮ জনের দলে থাকা ইতো ২৩ জনের মূল দলেও তাই থাকবেন সবচেয়ে বড় তারকা হয়ে। সুয়ারেজ-কাভানিদের উত্থানে ফোরলানের তারকাদ্যুতি ইদানীং কিছুটা ম্লান, কিন্তু তার পরও তাঁকে বিশ্বকাপের প্রাথমিক দলে রাখতে গিয়ে খুব একটা ভাবতে হয়নি কোচ অস্কার তাবারেজকে। খুব একটা সং​শয় নেই ফোরলানের​ বিশ্বকাপে খেলা নিয়েও।

আগে তিনটি বিশ্বকাপ (১৯৯৮, ২০০২, ২০১০) খেলা ইতো ব্রাজিল বিশ্বকাপে মাঠে নামলেই হবেন দেশের হয়ে চারটি বিশ্বকাপ খেলা ক্যামেরুনের তৃতীয় ফুটবলার। এর আগে যে উচ্চতায় উঠে​ছিলেন শুধু রিগোবার্ট সং ও জ্যাকুয়েস সঙ্গোওর।

উরুগুয়ের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ (১০৮টি) খেলা ফোরলান অবশ্য দেশের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটা ধরে রেখেছিলেন প্রায় দুই বছর। তবে গত বছর জুনে সে রেকর্ড ভেঙে দিয়ে তাঁর চেয়ে দুই গোল এগিয়ে গেছেন লুইস সুয়ারেজ (৩৮টি)। গত বিশ্বকাপের ফর্মটা যদি এই বিশ্বকাপেও দেখাতে পারেন তাহলে অন্তত কিছুদিনের জন্য আবার সেই রেকর্ডটা নিজের করে নিতে পারবেন আগে দুটি বিশ্বকাপ খেলা এই উরুগুইয়ান ফরোয়ার্ড।

উরুগুয়ে ও ক্যামেরুন ছাড়াও বলতে গেলে চমকহীন প্রাথমিক  দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, ঘানা, আলজেরিয়া ও কোস্টারিকাও। এএফপি ও রয়টার্স।