ইতোর লাল কার্ড, আসল চেহারায় পর্তুগাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যামুয়েল ইতোর হতাশার ম্যাচে আসল চেহারায় ফিরেছে পর্তুগাল। ক্যামেরুনকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের আগে স্বস্তি পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। কম যায়নি নেদারল্যান্ডও। ঘানাকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপের আগে প্রতিপক্ষদের জন্য সতর্ক বার্তা দিয়ে রেখেছেন ডাচরা। অস্ট্রেলিয়া ১-০ গোলে হারিয়েছে ডেনমার্ককে। তবে কোস্টারিকার কাছে ০-১ গোলে হেরে গেছে সুইজারল্যান্ড।ক্যামেরুনের কিংবদন্তি ফুটবলার রজার মিলার সমালোচনায় ক্ষুব্ধ হয়ে গত শুক্রবার বিশ্বকাপ বর্জনের হুমকি দিয়েছিলেন বিশ্বকাপে দেশটির ভরসার কেন্দ্রে থাকা স্যামুয়েল ইতো। সেই ক্ষোভ যেন এখনো ভুলতে পারেননি তিনি। পর্তুগালের বিপক্ষে প্রীতি ম্যাচে প্রতিপক্ষ ফুটবলারদের ওপর চড়াও হয়ে খেলতে দেখা গেছে এ তারকা ফুটবলারকে। দুটি হলুদ কার্ড পাওয়ার কারণে প্রথমার্ধেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।ইতো না থাকায় ১০ সদস্যের ক্যামেরুনের বিপক্ষে আসল চেহারায় ফিরতে বেগ পেতে হয়নি পর্তুগালকে। রাউলের জোড়া ও নানির একটি গোলের সুবাদে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। গত সপ্তাহে কেপভার্দের বিপক্ষে ড্রয়ের হতাশা অনেকটাই দূর হয়েছে পর্তুগালের।বিশ্বকাপের দুবারের রানার্স আপ নেদারল্যান্ড ঘানাকে বড় ব্যবধানে হারিয়ে নিজেদের আক্রমণাত্মক মনোভাবের জানান দিয়েছে। ৭৮ মিনিটে ঘানার কাওয়াডো আসামোয়া গোল করার আগে গোলের দেখা পান নেদারল্যান্ডের ডার্ক কিউট ও ফন ডার ভার্ট। তবে শেষের দিকে দুটি গোল করে ডাচদের অনেক উঁচুতে নিয়ে যান ওয়েসলি স্নেইডার ও রবিন ফন পার্সি।