ইতোর সামনে রেকর্ডের হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেকর্ডের সামনে ইতো
রেকর্ডের সামনে ইতো

চারটি বা তার বেশি বিশ্বকাপ খেলার সৌভাগ্য খুব কম ফুটবলারেরই হয়েছে। পাঁচটি বিশ্বকাপ খেলেছেন মাত্র দুজন। মেক্সিকোর অ্যান্টেনিও কারভাজাল ও জার্মানির লোথার ম্যাথিউস। আর বিশ্বকাপের চারটি আসরেই মাঠে নামার সৌভাগ্য হয়েছে মাত্র ২০ জনের। ব্রাজিল বিশ্বকাপে সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে ক্যামেরুনের তারকা স্ট্রাইকার স্যামুয়েল ইতোর নাম। ৩৩ বছর বয়সী ইতোকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করেছেন ক্যামেরুনের জার্মান কোচ ভোলকার ফিনকে।

এর আগে ক্যামেরুনের হয়ে চারটি বিশ্বকাপ খেলেছিলেন মাত্র দুজন। রিগোবার্ট সং ও জ্যাক সোঙ্গো। এবারের বিশ্বকাপে মাঠে নামলেই তাঁদের ছুঁয়ে ফেলতে পারবেন ইতো। বিশ্বকাপে আরও একটি রেকর্ডের হাতছানি আছে চেলসির এই স্ট্রাইকারের সামনে। তিনটি গোল করলেই তিনি ছুঁয়ে ফেলতে পারবেন ক্যামেরুনের পক্ষে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ড। তিনটি বিশ্বকাপ খেলে রজার মিলা করেছিলেন পাঁচটি গোল। ইতো আগের তিন আসরে করেছেন মাত্র দুটি। ক্যামেরুনের জার্সি গায়ে সবচেয়ে বেশি ৫৫টি গোলের রেকর্ড অবশ্য আছে ইতোরই দখলে।


ক্যামেরুনের বিশ্বকাপ দলে আছেন ইউরোপিয়ান ফুটবলের আরেক তারকা অ্যালেক্স সং। বার্সেলোনার এই মিডফিল্ডারের ওপরই থাকবে দলের মাঝমাঠ সামলানোর ভার।
‘এ’ গ্রুপে ক্যামেরুনের প্রতিপক্ষ স্বাগতিক ব্রাজিল, ক্রোয়েশিয়া ও মেক্সিকো।