ইতোর হ্যাটট্রিকে ইউনাইটেডের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইলফলক গড়ার গোলটা করলেন এডিন জেকো। মৌসুমে ম্যানচেস্টার সিটির শততম গোল করার পর উল্লসিত বসনিয়ান স্ট্রাইকার । এএফপি
মাইলফলক গড়ার গোলটা করলেন এডিন জেকো। মৌসুমে ম্যানচেস্টার সিটির শততম গোল করার পর উল্লসিত বসনিয়ান স্ট্রাইকার । এএফপি

আবারও হেরেছে ম্যানচেস্টার ইউ-নাইটেড। এবার স্যামুয়েল ইতোর হ্যাটট্রিকে বর্তমান চ্যাম্পিয়নদের ৩-১ গোলে হারিয়েছে চেলসি। এ জয়ে হোসে মরিনহোর দল ২ পয়েন্টের দূরত্বে উঠে এল পয়েন্ট তালিকার শীর্ষ দল আর্সেনালের। অন্যদিকে গানারদের চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে পড়ল ইউনাইটেড। ২২ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৫১, চেলসির ৪৯। ৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।
কাল স্ট্যামফোর্ড ব্রিজে ১৭ মিনিটেই চেলসিকে এগিয়ে নেন ইতো। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ব্যবধানটা দ্বিগুণ করেন এই ক্যামেরুনিয়ান। ওয়েইন রুনি ও রবিন ফন পার্সিকে ছাড়াই এই ম্যাচ খেলা ইউনাইটেড ০-৩ গোলে পিছিয়ে পড়ে বিরতির চার মিনিট পরেই। শেষ গোলটি করেই ভুলে যেতে বসা স্মৃতি ফিরিয়ে এনেছেন ইতো। ১৯৫৪ সালে সিমাস ও’কনেলের পর এই প্রথম ইউনাইটেডের বিপক্ষে হ্যাটট্রিক পেলেন কোনো চেলসি খেলোয়াড়। নির্ধারিত সময়ের ১২ মিনিট আগে ইউনাইটেডের সান্ত্বনার গোলটি করেন বদলি খেলোয়াড় হাভিয়ের হার্নান্দেজ। তবে যোগ করা সময়ে এডেন হ্যাজার্ড ফাউল করে অধিনায়ক নেমানিয়া ভিদিচের লাল কার্ড দেখলে উবে গেছে এই সান্ত্বনাটুকুও।
পরশু বিতর্কিত এক পেনাল্টি গোলে হার বাঁচিয়েছে লিভারপুল। ম্যাচের ৫১ মিনিট। বল ধরতে গিয়ে লুইস সুয়ারেজ পড়ে গেলেন মাটিতে। রেফারির পেনাল্টির বাঁশি। স্পট কিক থেকে গোল করলেন স্টিভেন জেরার্ড। কোলাহলমুখর অ্যানফিল্ডে তখন উৎসব। ২ গোলে পিছিয়ে থেকে যখন দল সমতা ফেরায়, তখন লিভারপুল-সমর্থকেরা উচ্ছ্বাসে তো ভাসবেই!
তবে পেনাল্টির সিদ্ধান্তটা ঠিক ছিল কি না, তা নিয়েই এখন তর্ক। টিভি রিপ্লে দেখেও নিশ্চিত হওয়া যায়নি অ্যাস্টন ভিলা গোলরক্ষক আসলেই সুয়ারেজকে স্পর্শ করেছিলেন কি না। লিভারপুল কিন্তু ৩৬ মিনিটের মধ্যেই পিছিয়ে পড়েছিল ২-০ গোলে। এরপর স্টারিজের গোলে ব্যবধান কমানোর পর জেরার্ডের সমতাসূচক গোল।
ম্যানচেস্টার সিটির জন্য পরশু ছিল ইতিহাস গড়ার দিন। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে গোলের সেঞ্চুরি করে ফেলল সিটি। তা-ও মাত্র ৩৪ ম্যাচে। কোনো ইংলিশ ক্লাবের দ্রুততম ১০০ গোলের মাইলফলক ছোঁয়ার রেকর্ডও গড়ল সিটি। পরশু এডিন জেকোর এই রেকর্ড গড়া গোলের পর আরও ৩ গোল দিয়েছে সিটি। নাভাস, তোরে ও আগুয়েরোর গোলে কার্ডিফকে তারা হারিয়েছে ৪-২-এ। ইতিহাদ স্টেডিয়াম মানেই এই মৌসুমে খোলামকুচির মতো গোল। ১১ ম্যাচে নিজেদের মাঠে সিটির গোল ৪২টি, ম্যাচপ্রতি প্রায় চারটি! শিরোপা লড়াইয়ে তো ভালোমতোই আছে তারা।
পরশু এমিরেটসে আর্সেনাল ফুলহামকে হারিয়েছে ২-০ গোলে। জোড়া গোল করেছেন সান্তি কাজোরলা। দুই মাস পর গোল পেলেন স্প্যানিশ মিডফিল্ডার। এএফপি।
সবচেয়ে কম ম্যাচে ১০০ গোল
মৌসুম ম্যাচ
ম্যান সিটি ২০১৩-১৪ ৩৪
চেলসি ২০১২-১৩ ৪২
চেলসি ২০০৯-১০ ৪৩
ম্যান ইউনাইটেড ১৯৯৮-৯৯ ৪৪
ম্যান ইউনাইটেড ২০১১-১২ ৪৪