
রেফারির কী একটা সিদ্ধান্তে খেপে গেলেন প্যাট্রিস এভরা। ডাগআউটে খানিক উত্তেজনা ছড়ালেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ডেভিড ময়েস। সচরাচর যেটা করেন না, সেটাই করলেন হোসে মরিনহো। ময়েসের কাছে গিয়ে তাঁকে সান্ত্বনা দিলেন। অথচ ম্যানচেস্টার সিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি যখন স্ট্যামফোর্ড ব্রিজে এসেছিলেন, তখন মরিনহো হাতও মেলাননি!
সেই মরিনহোই অন্য রকম আচরণ করলেন ময়েসের সঙ্গে। ম্যাচে তখন চেলসি ২-০ গোলে এগিয়ে বলেই হয়তো তাঁর অমন সহমর্মিতা!
মরিনহো-ময়েস বাদ দিয়ে বরং স্যামুয়েল ইতোকে নিয়েই কথা বলা যাক। এই মৌসুমে স্ট্রাইকারদের গোলখরাটা কপালে ভাঁজ ফেলেছিল মরিনহোর। পরশু সেটা অসাধারণ এক হ্যাটট্রিক করেই যেন ঘুচিয়ে দিলেন ইতো। ১৯৫৪ সালে সিমাস ও’কনেল চেলসির হয়ে শেষবার হ্যাটট্রিক করেছিলেন ইউনাইটেডের সঙ্গে। ৬০ বছর পর সেই কীর্তির পুনরাবৃত্তি করলেন ইতো। ৩২ বছর বয়সী ক্যামেরুনিয়ান এই স্ট্রাইকারের গোলেই চেলসি ৩-১ গোলে হারিয়েছে ইউনাইটেডকে।
এই হারে ইউনাইটেডের ট্রফি জয়ের আশার শেষই দেখে সবাই। যে মরিনহো দুদিন আগেই বলেছিলেন, ইউনাইটেডকে বিবেচনায় রাখতে হবে, সেই তিনিই মনে করেন ইউনাইটেডর আশা শেষ। মরিনহোর যুক্তি, ‘তারা (ইউনাইটেড) আর্সেনালের চেয়ে ১৪ পয়েন্ট, সিটির চেয়ে ১৩ পয়েন্ট ও আমাদের চেয়ে ১২ পয়েন্ট পেছনে। হয়তো একটা দল পা ফসকাবে, কিন্তু তিনটি দলেরই ফসকানো কঠিন। আমার মনে হয় ওরা এখন চতুর্থ স্থানে থাকার জন্যই লড়বে।’ চতুর্থ স্থানে থাকাটাও আসলে কঠিন। চতুর্থ লিভারপুলের সঙ্গে ইউনাইটেডের পয়েন্টের ব্যবধান ছয়।
ইউনাইটেড ডিফেন্ডার ভিদিচও মনে করেন না তাঁদের পক্ষে শিরোপা জয় সম্ভব, ‘আমার মনে হয় আমরা এখন অনেক পিছিয়ে পড়েছি। আমাদের এখন শীর্ষ চারেই মনোযোগ দিতে হবে।’
ময়েস নিজেও জানেন লিগ জেতা এখন প্রকারান্তরে অসম্ভব। তবে মুখে সেটি বলতে চান না, ‘আমার কাজ দলকে শিরোপা জেতানো, আমি সেই চেষ্টাই করছি। আর শেষ হওয়ার আগে আপনি তোয়ালে ছুড়ে ফেলতে পারেন না।’
রুনি-ফন পার্সি নেই, দল ছন্নছাড়া। ইউনাইটেড এখন অলৌকিক কিছুই প্রত্যাশা করতে পারে! এএফপি, ওয়েবসাইট।