ইনকুমের চোখে বিশ্বকাপ জয়ের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ঘানা আফ্রিকাকে উৎসবের উপলক্ষ এনে দিতে পারে। নিজেদের মহাদেশে বিশ্বকাপ জিততে পারি আমরা।বক্তার নাম আবেদি পেলে। কথাগুলো তিনি বলে আসছেন বিশ্বকাপ শুরুর আগে থেকেই। এমনতিইে ভালো একটা দল আছে ঘানার। তার ওপর নিজেদের মহাদেশ আফ্রিকায় প্রথম বিশ্বকাপটাকে স্মরণীয় করে রাখার তাড়না। সব মিলিয়ে আবেগ থেকেই কথাগুলো বলে আসছেন ঘানাইয়ান কিংবদন্তি আবেদি পেলে।এই কথাটাই আরেকজনও বললেন। আবেগে নয়, বিশ্বাস থেকে। পরশু যুক্তরাষ্ট্রকে হারিয়ে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার পর ঘানার মিডফিল্ডার স্যামুয়েল ইনকুম বলেছেন, ‘ঘানা বিশ্বকাপ জিততে পারে। এটা আমার বিশ্বাস।’যুক্তরাষ্ট্রের বিপক্ষে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ২-১ গোলে জয়ের পরই বিশ্বাসটা জন্মেছে ইনকুমের। ‘আমার কাছে মনে হয়েছে ওরা খুব ভালো দল। ওদের খেলোয়াড় ভালো, কোচটা ভালো। তবে আমরা আমাদের সুযোগগুলো কাজে লাগিয়েছি। এটাই পার্থক্য গড়ে দিয়েছে। আশা করি, সামনের ম্যাচগুলোতেও ঠিক কাজটাই করতে পারব আমরা।’বিশ্বাসই এত দূর নিয়ে এসেছে ইনকুমকে। কোচ মিলোভান রাজেভাচ তাঁকে দলে নিয়েছেন প্রিন্স টাগোর পরিবর্ত হিসেবে। এমনিতে মাঝমাঠের ডান পাশে খেলেন তিনি। তবে কোচ কখনো কখনো তাঁকে খেলান রাইটব্যাক হিসেবেও। দুটি পজিশনেই ভালো খেলছেন ইনকুম। সুইজারল্যান্ডের ক্লাব এফসি বাসেলের হয়ে লিগ ও কাপ ডাবল জিতেছেন। ঘানার হয়ে জিতেছেন অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। নিজের সম্পর্কে তাঁর বিশ্বাসটা এ রকম, ‘আমার মানসিকতা ভালো এবং দৃঢ়। কঠিন পরিশ্রম করি। এ কারণে যেকোনো ম্যাচই আমার ভালো যায়। নিজের প্রতি বিশ্বাস যদি থাকে, তাহলে আপনি যা চাইবেন সেটাই করতে পারবেন।’এই বিশ্বাসই ঘানার স্বপ্ন পূরণের সবচেয়ে বড় প্রেরণা হতে পারে বলে মনে করেন ইনকুম, ‘যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়টা আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছে। আমাদের ভালো কিছু খেলোয়াড় আছে এবং তারা এখন জানে, আসলে তারা জিততে পারে। আমরা এখন নিজেদের স্বপ্নটাকে জীবন্ত করার জন্য প্রস্তুত।’কোয়ার্টার ফাইনালে ঘানার প্রতিপক্ষ উরুগুয়ে। দুর্দান্ত খেলে দ্বিতীয় রাউন্ডে উঠেছে ডিয়েগো ফোরলানের দল। দ্বিতীয় রাউন্ডে এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে উঠেছে শেষ আটে। ফোরলানের উরুগুয়েকে হারানোটা খুব সহজ কাজ হবে না ঘানার জন্য। সেটা জানেন ইনকুমও, তবে তাঁর বিশ্বাস জয় হবে ঘানারই, ‘আমি আপনাকে বলে রাখি, আমরাই জিতব। আমি কোচকেও এ রকমই বলেছি। আমি জানি উরুগুয়ে সহজ দল নয়, তবে আমার বিশ্বাস আমরা জিতব।’ এএফপি।