জন্ম পোর্ট এলিজাবেথে, তবে বেড়ে ওঠা ব্লুমফন্টেইনে। এই শহরের ইউনিভার্সিটি অব ফ্রি স্টেটে খেলেই ঢুকেছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের মূল স্রোতে। আড়াই বছর আগে অভিষেক ওয়ানডেতে সেঞ্চুরিও করেছিলেন এই মাঠে। ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মোড়ে কলিন ইনগ্রামের জন্য আরেকবার পয়মন্ত হলো ব্লুমফন্টেইন। ওয়ানডে দলে জায়গা পাকা করার লড়াইয়ে থাকা বাঁহাতি ব্যাটসম্যানের ব্যাট থেকে বেরোল দারুণ এক সেঞ্চুরি। পাকিস্তানকে ১২৫ রানে হারিয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে জিতল দক্ষিণ আফ্রিকা। ৮৩ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর তৃতীয় উইকেটে ডি ভিলিয়ার্সের সঙ্গে ১২০ রানের জুটি গড়েন ইনগ্রাম। পঞ্চম উইকেটে ফারহান বেহারডিয়েনের (১৪ বলে ৩৪) সঙ্গে ৫০ রানের জুটি মাত্র ২৩ বলে। ১০১ বলে তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি ছুঁয়ে ইনগ্রাম অপরাজিত থাকেন ১০৪ বলে ১০৫ করে। পাকিস্তানের প্রথম পাঁচ ব্যাটসম্যানের চারজন ২০ ছাড়ালেও পঞ্চাশ করতে পারেননি কেউ। ৩৫০তম ওয়ানডেতে শহীদ আফ্রিদির ১৬ বলে ৩৪ দলকে দুই শর কাছাকাছি নিয়ে আসে। তিন ছক্কার দ্বিতীয়টিতে ওয়ানডের প্রথম ব্যাটসম্যান হিসেবে আফ্রিদি ছুঁয়েছেন ছক্কার ট্রিপল সেঞ্চুরি। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩১৫/৪ (ইনগ্রাম ১০৫*, ডি ভিলিয়ার্স ৬৫, আমলা ৪৩, বেহারডিয়েন ৩৪*, স্মিথ ৩০, ডু প্লেসিস ২৬; আজমল ২/৫৩, হাফিজ ১/৪৮, জুনাইদ ১/৫৯)। পাকিস্তান: ৩৬.২ ওভারে ১৯০ (মিসবাহ ৩৮, আফ্রিদি ৩৪, ইউনুস ৩০, হাফিজ ২৫, জামশেদ ২৫; ক্লেইনভেল্ট ৪/২২, ম্যাকলারেন ৩/১৯, অ্যাবট ১/৩৫, সতসোবে ১/৫২)।ফল: দক্ষিণ আফ্রিকা ১২৫ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: কলিন ইনগ্রাম।