ইনজাগির নতুন মিশন
খেলোয়াড়ি জীবনের পাট চুকিয়ে ফেলেছেন গত মৌসুম শেষেই। তবে সমর্থকদের কাছ থেকে ও মাঠ থেকে বিদায় নিলেও আনুষ্ঠানিক অবসরের ঘোষণাটা বাকি ছিল। পরশু সংবাদ সম্মেলনে সেই ঘোষণাটাই দিয়ে ফেললেন ফিলিপ্পো ইনজাগি, এসি মিলানের স্ট্রাইকার।ছোট এই ঘোষণা পেছনে সরিয়ে দিল বর্ণাঢ্য এক ক্যারিয়ার। ২১ বছরের দীর্ঘ ক্যারিয়ারে অনেক সাফল্য তাঁর। একবার বিশ্বকাপ জিতেছেন, দুবার জিতেছেন চ্যাম্পিয়নস লিগও। ক্লাব ফুটবলের সব আন্তর্জাতিক টুর্নামেন্টেই গোল করা প্রথম স্ট্রাইকার ইনজাগি। রাউল গঞ্জালেসের সঙ্গে তাঁর ইউরোপিয়ান টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার লড়াইটা ছিল বেশ আকর্ষণীয়। যদিও শেষ পর্যন্ত ৭৭ গোল করে এগিয়ে রাউল। ৭০ গোল করে দুই নম্বরে ইনজাগি। তবে এসবই এখন স্মৃতি। অবসর ঘোষণার পাশাপাশি নতুন অধ্যায় শুরুরও ঘোষণা দিয়েছেন। বুটজোড়া তুলে রাখলেও ৩৮ বছর বয়সী ইনজাগি নাম লেখালেন কোচের তালিকায়। সেটাও প্রিয় ক্লাব এসি মিলানেই। দুই বছরের কোচ হয়েছেন মিলানের অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচ। বিদায়ের মঞ্চ থেকেই ইনজাগি বলেছেন, ‘মিলানে আমার সময়টা সম্ভাব্য সেরাভাবেই শেষ হয়েছে। শেষ ম্যাচেও গোল পেয়েছি, কাজেই বিদায়টা ছিল নিখুঁত। এখন আমি আরেকটা স্বপ্ন শুরু করলাম, যাত্রা শুরু করলাম কোচ হিসেবে। আশা করছি, চ্যাম্পিয়নস লিগ জিতব। আমি হয়তো আর খেলছি না, তবে আমি মিলানও ছাড়ছি না। আজই আমি ইংল্যান্ড থেকে এক প্রস্তাব পেয়েছি। কিন্তু আমি মিলান ছাড়তে চাইনি। ’ রয়টার্স, ওয়েবসাইট।