ইনজির মন্ত্র ‘আক্রমণ’
ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিলেও পারিবারিক কারণে ইনজামাম-উল হক দলের সঙ্গে ভারতে আসছেন না। তবে তাঁর যে কাজ, দলের ভেতর জয়ক্ষুধা জাগিয়ে তুলতে প্রয়োজনীয় জ্বালানি ঠিকই জোগান দিচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। উত্তরসূরিদের প্রতি ইনজামামের উপদেশ, ভারতের বিপক্ষে জিততে হলে অবশ্যই আক্রমণাত্মক ব্যাটিং করতে হবে।বরাবরের মতো আসন্ন ভারত সফর ঘিরেও পাকিস্তানিদের বড় দুশ্চিন্তার নাম ব্যাটিং। এই দুর্বলতা কাটিয়ে উঠতেই ইনজামামের অভিজ্ঞতার শরণ। ২০০৭ সালে অবসরের পাঁচ বছর পর প্রথমবারের মতো দলের সঙ্গে যুক্ত হয়ে ইনজামামও কার্পণ্য করছেন না।লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সপ্তাহব্যাপী অনুশীলন ক্যাম্পে উত্তরসূরিদের সঙ্গে বিনিময় করছেন বিপুল অভিজ্ঞতার ভাঁড়ার, ‘ব্যাটসম্যানদের টেকনিকের বিষয়গুলো নয়, আমার কাজ হলো আমার খেলোয়াড়ি অভিজ্ঞতা খেলোয়াড়দের মধ্যে বিলিয়ে দেওয়া। আমি তাদের সঙ্গে আলোচনা করব, কীভাবে রান চেজ করতে হয়, কীভাবে টার্গেট নির্ধারণ করতে হয় এবং ব্যাটিং নিয়ে করণীয় কী।’দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলতে ২২ ডিসেম্বর ভারতে আসছে পাকিস্তান। ২৫ ডিসেম্বর বেঙ্গালুরুতে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। আহমেদাবাদে দ্বিতীয় টি-টোয়েন্টিটি ২৭ ডিসেম্বরের পরিবর্তে হবে ২৮ ডিসেম্বর। ওয়ানডে তিনটি হবে ৩০ ডিসেম্বর এবং ৩ ও ৬ জানুয়ারি। ভারতের বিপক্ষে পাকিস্তানকে ২২টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন ইনজামাম; যাতে জয় ১২টি, পরাজয় ১০টি। তাঁর দাবি, পাকিস্তান দলে ম্যাচজয়ী খেলোয়াড়ের অভাব নেই, তবে সিরিজ জিততে হলে দরকার সমন্বিত প্রচেষ্টা, ‘পাকিস্তান দলে অনেক খেলোয়াড় আছে, যারা ব্যক্তিগতভাবে আমাদের ম্যাচ জেতাতে পারে। এটা ভালো দিক। কিন্তু ক্রিকেট দলীয় একটা খেলা। আমাদের ব্যাটসম্যানদের সমন্বিত প্রচেষ্টার ঘাটতি আছে। আমাদের বোলিং খুবই শক্তিশালী এবং আমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। আমাদের মানসিকতা এভাবেই গড়ে তুলতে হবে যে, আমরা জিততে পারি।’ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা থেকে বলছেন, ‘ভারতের কন্ডিশনে খেলাটা ভিন্ন কিছু নয়। আমরা সেখানে জিতেছি এবং আবারও জিততে পারি। চাপ কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেটাই একমাত্র ব্যাপার। এ কারণেই আমাদের আক্রমণাত্মক খেলতে হবে এবং এটা (চাপ) যারা ভালোভাবে সামলাতে পারবে, তারাই ভালো খেলবে।’২০১২ সালে পাকিস্তান ১৭টি ওয়ানডে খেলে হেরেছে ১০টিতেই। চারটি হেরেছে রান চেজ করতে গিয়ে। প্রথমে ব্যাট করে ২০০ পেরিয়েছে সাতবার, জয় তার দুটিতে। ২০০-এর বড় লক্ষ্য তাড়া করতে নেমে জিতেছে মাত্র একবার! ইনজামামের দাবি, ‘এটা আমাদের জন্য নতুন সমস্যা নয়, দীর্ঘদিন ধরেই এটা চলে আসছে।’ তাঁর কথা, ব্যাটিংয়ের এই সমস্যা হয়েছে পাকিস্তানে মানসম্পন্ন ক্রিকেটের অভাবে। সেটি কেন, তা জানে সবাই। পাকিস্তান ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকেই পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেট দলগুলোর জন্য নিষিদ্ধ ভূমি হয়ে রয়েছে। ওয়েবসাইট।