ইনজুরি কাটিয়ে ফিরলেন ভিয়া
গত বছরের ডিসেম্বর থেকে মাঠের বাইরে ছিলেন ডেভিড ভিয়া। বাঁ পায়ের ইনজুরির কারণে ইউরো চ্যাম্পিয়নশিপেও অংশ নিতে পারেননি স্পেনের এই তারকা স্ট্রাইকার। অবশেষে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন স্পেনের পক্ষে সবচেয়ে বেশি গোল করা এই ফুটবলার। ২০১৪ বিশ্বকাপের বাছাইপর্বের দল ঘোষণার সময় ভিয়ার অন্তর্ভুক্তির কথা জানিয়েছেন স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক।৮২ ম্যাচে ৫১ গোল করে ডেভিড ভিয়াই এখন স্পেনের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ইনজুরির কবলে পড়ায় দলের এই সেরা স্ট্রাইকারটি ছাড়াই ইউরো চ্যাম্পিয়নশিপে অংশ নিতে হয়েছিল স্পেনকে। তবে স্পেনের সমর্থকদের মনে স্বস্তি জাগিয়ে আবার মাঠে ফিরেছেন ভিয়া। গত বছরের ডিসেম্বরে বাঁ পায়ে জোরালো আঘাত পেয়ে প্রায় আট মাস মাঠের বাইরে কাটাতে হয়েছে এই স্প্যানিশ স্ট্রাইকারকে। আজ স্পেনের বিশ্বকাপ বাছাইপর্বের দলে অন্তর্ভুক্তির খবরটি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভিয়া। নিজের টুইটারে তিনি লিখেছেন, ‘আমি আবার স্পেনের জাতীয় দলে ফিরতে পেরে খুবই খুশি। আবারও সতীর্থদের মাঝে ফিরতে পারব ভেবে খুবই ভালো লাগছে।’ তবে ভিয়া ফিরলেও দল থেকে বাদ পড়েছেন বার্সেলোনার ডিফেন্ডার কার্লোস পুয়োল।আগামী মাসের ৭ তারিখে সৌদি আরবের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে স্পেন। আর চার দিন পরে জর্জিয়ার বিপক্ষে ম্যাচটি দিয়ে শুরু হবে স্পেনের বিশ্বকাপ বাছাইপর্ব মিশন।স্পেন দল: ইকার ক্যাসিয়াস, পেপে রাইনা, ভিক্টর ভালদেজ, আলভারো আরবেলা, সার্জিও রামোস, রাউল আলবিওল, জেরার্ড পিকে, ইগনাসিও মনরিল, জুয়ান ফ্রান, জরডি আলবা, জাবি আলোনসো, সার্জিও বুসকেটস, সানটি কারজোলা, সেস ফেব্রেগাস, আন্দ্রেস ইনিয়েস্তা, বেনেট জেবারিয়া, জাভি, ডেভিড সিলভা, জেসাস নাভাস, পেদ্রো, ফার্নান্দো তোরেস, রবার্তো সোলদাদো, ডেভিড ভিয়া। — রয়টার্স