ইনজুরি জহিরের আশীর্বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬০ ওভারের পুরোনো বল, উইকেটেও পেসারদের জন্য কিছু নেই। শেষ দিকে দুটি উইকেট হারালেও মাথাচাড়া দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে এই যখন অবস্থা, কোচ গ্যারি কারস্টেন বললেন, ‘চিন্তা নেই, জহির খানের রিভার্স সুইং আছে না!’তাঁর ওপর কোচের কেন এত ভরসা, তার প্রমাণ তৃতীয় দিনেই দিয়েছিলেন, নতুন বলে ইমরুল কায়েসকে আউট করে। কিন্তু আসল কাজটি করেছিলেন শেষ বিকেলে, ২০০ রানের জুটি গড়া তামিম ইকবাল-জুনায়েদ সিদ্দিককে ফিরিয়ে দিয়ে। প্রমাণ দিলেন কালও, ৮ বলের এক ঝড়ে মুড়ে দিয়ে বাংলাদেশের লোয়ার-মিডল-অর্ডার। এই স্পেলে কোনো রান না দিয়েই ৪ উইকেট, সব মিলিয়ে ৭ উইকেট ৮৭ রানে, এর আগে কখনো ইনিংসে ৫ উইকেটের বেশি পাননি। প্রথম ইনিংসের ৩ উইকেটে ৭০ টেস্টের ক্যারিয়ারে প্রথমবারের মতো পেয়েছেন ম্যাচে ১০ উইকেটের স্বাদ। সেটিও আবার বিদেশের মাটিতে, কাজটি কতটা কঠিন তা বোঝাতে একটি তথ্যই যথেষ্ট, জহিরের আগে বিদেশের মাটিতে কোনো ভারতীয় পেসারের ১০ উইকেট পাওয়ার দৃষ্টান্ত আছে আর মাত্র ৩ বার।‘প্রথম ১০ উইকেট, ভালো তো লাগবেই। বল যখন রিভার্স করতে শুরু করার পর থেকেই জানতাম, আমি উইকেট পাব’—ম্যাচ শেষে ম্যাচ ও সিরিজের সেরা জহির জানালেন নিজের সামর্থ্যের ওপর কতটা আস্থা তাঁর। গত শ্রীলঙ্কা সিরিজেই ফিরেছেন দীর্ঘ ইনজুরি থেকে। ৩ টেস্টে ১০ উইকেট, খুব একটা খারাপ করেননি, তারপরও জহিরের মতো তো আর নয়! এই সিরিজটা ছিল তাই তাঁর ছন্দে ফেরার সিরিজ। জানালেন, পুরোপুরি ছন্দে এখনো ফেরেননি, তবে যেভাবে অগ্রগতি হচ্ছে, তাতে সন্তুষ্টই তিনি। ইনজুরিটা সব সময়ই হতাশার, তবে ক্যারিয়ারে যে দুবার পড়েছেন দীর্ঘ ইনজুরিতে, তা নিয়ে খুব বেশি হতাশা কিন্তু নেই। তাঁর রিভার্স সুইং নিয়ে যে এত আলোচনা, সেটা পেয়েছেন যে ইনজুরির আশীর্বাদেই, ‘দুবার ইনজুরিতে পরে আমি অনেক সময় পেয়েছিলাম, ওই সময় এটা নিয়ে কাজ করেছি। নিয়মিত খেলতে থাকলে এসব নিয়ে কাজ করা কঠিন, ইনজুরিটা তাই আমার জন্য একরকম ছিল শাপেবর।’শেষ দিনে বাংলাদেশ এভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়বে, আরও অনেকের মতো আশা করেননি জহিরও, ‘একটু অবাকই হয়েছি। কারণ, কন্ডিশনকে মাথায় রাখলে তারা আর একটু ভালো করতে পারত এবং আমাদের জন্য কাজটা কঠিন করে তুলতে পারত।’ এই কন্ডিশনকে মাথায় রেখেই জহিরকে প্রশংসায় ভাসিয়েছেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, ‘পেসার-স্পিনার সবার জন্যই উইকেট ছিল কঠিন, কিন্তু বোলারদের কৃতিত্বেই আমরা ২০ উইকেট নিতে পেরেছি। বিশেষ করে জহির ছিল অসাধারণ।’টানা পাঁচটি টেস্ট সিরিজ জয়, ভারতের মতো এগিয়ে যাচ্ছেন অধিনায়ক ধোনিও। ১১টি টেস্টে নেতৃত্ব দিলেন, হারের স্বাদটা এখনো অচেনা! (৮ জয়, ৩ ড্র)।