ইনজুরি-শঙ্কা উড়িয়ে দিয়ে অনুশীলনে রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশীলনে রোনালদো। ফাইল ছবি
অনুশীলনে রোনালদো। ফাইল ছবি

মাত্র নবম মিনিটেই উঠিয়ে নেওয়া হলো যখন তাঁকে, রিয়াল মাদ্রিদ সমর্থকদের তো বটেই, কেঁপে উঠেছিল পর্তুগাল সমর্থকদের বুকও। ক্লাব মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় চলছে। তা ছাড়া কদিন পরেই বিশ্বকাপ। এই সময়ে চোটের কারণে কোনো খেলোয়াড়ের মাঠ ছাড়া মোটেও সুখবর নয়। তবে বড় কোনো দুঃসংবাদ নেই ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে। কাল ভ্যালাদোলিদের বিপক্ষে ম্যাচের শুরুতেই বেরিয়ে এলেও আজই আবার অনুশীলনে যোগ দিয়েছেন। রিয়ালের জন্য সুখবর গ্যারেথ বেলেরও অনুশীলনে ফিরে আসা।
হাঁটু আর হ্যামস্ট্রিংয়ের চোট রোনালদোকে বেশ ভোগাচ্ছিল। কদিন আগে বেশ লম্বা সময়ের জন্য মাঠের বাইরেও ছিটকে গিয়েছিলেন। স্বাভাবিকভাবেই কাল রোনালদো মাঠ ছাড়ার পর সমর্থকদের মনে শঙ্কার মেঘ তো ভিড় করেছিলই। তবে কাল রাতেই ম্যাচ শেষে কোচ কার্লো আনচেলত্তি জানিয়ে দিয়েছিলেন, চোটটা গুরুতর নয়। কালকের ম্যাচে পর্তুগিজ ডিফেন্ডার পেপে আর আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়াও চোট পেয়েছেন। তবে বিশ্বকাপের এই দুই দলের সমর্থকেরাও নিশ্চিন্তে থাকতে পারেন।
রোনালদোর অনুপস্থিতির ফল অবশ্য ভালোমতোই টের পেয়েছে রিয়াল। লিগ শিরোপা উদ্ধারের আশা এক রকম শেষই হয়ে গেছে। এখন তারা তাকিয়ে চ্যাম্পিয়নস লিগ শিরোপার দিকে।