ইনজুরি শঙ্কায় শেবাগ-গম্ভীর
আর চার দিন পরেই শুরু হতে যাচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম টেস্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের মূল শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন-আপ। কিন্তু সিরিজ শুরুর আগে দলের দুই প্রধান ব্যাটসম্যান গৌতম গম্ভীর আর শেবাগের ইনজুরির আশঙ্কায় কিছুটা চিন্তায় পড়ে গিয়েছিল স্বাগতিকেরা। পরে অবশ্য তাঁদের চোট অত গুরুতর নয় বলে নিশ্চিত হওয়া গেছে।গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ড প্রেসিডেন্ট একাদশের তিন দিনের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার বেন হিলফেনইউসের বলে কব্জিতে আঘাত পেয়েছেন ওপেনার গৌতম গম্ভীর। তড়িঘড়ি করে তাঁকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবশ্য পরীক্ষার পর চিকিত্সকেরা কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন।অন্যদিকে অনুশীলনের সময় ইশান্ত শর্মার বলে ডান হাঁটুতে আঘাত পেয়েছিলেন ভারতের আরেক ওপেনার । তবে প্রাথমিক কিছু চিকিৎসাসেবা দেওয়ার পর আবার সুস্থ হয়ে ওঠেন শেবাগ। অনুশীলন শেষে তাঁর কাছে আঘাতের ব্যাপারে জানতে চাওয়া হলে বিষয়টি ঠাট্টা করেই উড়িয়ে দেন শেবাগ।বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার এই ভারত সফরকে বিশ্বকাপের ভালো প্রস্তুতি নেওয়ার সুযোগ হিসেবে বিবেচনা করছেন অনেকেই। আর সেই লক্ষ্যেই কঠোর অনুশীলন করছেন টেন্ডুলকার, শেবাগ, হরভজন সিং, জহির খানেরা। শিষ্যদের এমন ঘাম ঝরাতে দেখে খুবই খুশি কোচ গ্যারি কারস্টেন। —টাইমস অব ইন্ডিয়া