ইনজুরি সত্ত্বেও জাপানের বিপক্ষে ম্যাচে মেসি
বার্সেলোনার হয়ে খেলতে গিয়ে গত রোববার ইনজুরিতে পড়েছিলেন লিওনেল মেসি। এ মাসের মধ্যেই মাঠে ফেরার মতো ফিফার বর্ষসেরা এই ফুটবলার ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। তবে বার্সেলোনার ম্যানেজার গার্দিওলা আগেই জানিয়ে দিয়েছেন, মেসিকে দলে ফেরানো নিয়ে তাড়াহুড়া করবে না ক্লাব। কোনো ধরনের ঝুঁকি নিতে চান না আর্জেন্টিনার দায়িত্বে থাকা কোচ সার্জিও বাতিস্তাও। তবে ইনজুরি সেড়ে উঠুক আর না উঠুক, মেসির আগ্রহের কারণেই আগামী ৮ অক্টোবর জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে তাঁকে দলে রেখেছে আর্জেন্টিনা।ইনজুরিতে থাকার পরও মেসিকে দলে রাখার প্রশ্নে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) মুখপাত্র গুইলেরমো তোফোনি রয়টার্সকে বলেন, ‘মেসির আগ্রহের কারণেই তাঁকে দলে রাখা হয়েছে। তাঁর মাঠে নামার ক্ষেত্রে চুক্তির বিষয়ও জড়িত আছে। তবে ফিফার বর্ষসেরা এই ফুটবলার আমাদের সঙ্গে থাকছেন, কারণ তিনি আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা।’মেসিকে নেওয়া হলেও দলে জায়গা হয়নি ইনজুরিতে থাকা ভ্যালেন্সিয়ার মিডফিল্ডার এভার বেনেগার। এ মাসে স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচে ভালো খেলেছিলেন এই ফুটবলার। বুয়েনস এইরেসে অনুষ্ঠিত সেই ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি রিয়াল মাদ্রিদের ফার্নান্দো গ্যাগো। তবে এ ম্যাচে ফিরছেন তিনি। ডিয়েগো ম্যারাডোনার বিশ্বকাপ দলে জায়গা হয়নি হাভিয়ের জানেত্তি ও এস্তেবান ক্যাম্বিয়াসোর। বিশ্বকাপের পর ম্যারাডোনা যুগ শেষ হলে এই দুজনকে দলে ফিরিয়ে আনেন সার্জিও বাতিস্তা। জাপানের বিপক্ষে ম্যাচেও জানেত্তি ও ক্যাম্বিয়াসোর ওপর আস্থা রেখেছেন কোচ।