ইনজুরি সত্ত্বেও ব্রাজিলের কোপা আমেরিকা মিশনের চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন আলেক্সান্দ্রে পাতো ও পাউলো হেনরিকে গানসো। আজ বুধবার ২২ সদস্যের এ চূড়ান্ত দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ মেনো মেনজেস।গত শনিবার হল্যান্ডের বিপক্ষে ম্যাচেও দলে ছিলেন না পাতো ও গানসো। বেশ কিছুদিন ধরেই পাতো কাঁধের ও গানসো উরুর ইনজুরিতে ভুগছেন। তবে ১ জুলাই টুর্নামেন্ট শুরুর আগেই তাঁরা সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন মেনজেস। গতকাল রোমানিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে ১-০ গোলে জেতার পর তিনি বলেছেন, ‘আমরা ডাক্তারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আর আমরা পুরোপুরিই নিশ্চিত যে, তাঁরা কোপা আমেরিকা শুরুর আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।’২০০৭ সালের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে অষ্টমবারের মতো কোপা আমেরিকা শিরোপা জিতেছিল ব্রাজিল। এবারও নিশ্চিতভাবেই শিরোপাটা নিজেদের কাছেই রাখতে চাইবে তারা। অবশ্য হল্যান্ড ও রোমানিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দুটি দেখে একেবারেই সন্তুষ্ট হতে পারেননি ব্রাজিল সমর্থকেরা। বেশ দুয়োধ্বনিও শুনতে হয়েছে মেনজেস ও তাঁর শিষ্যদের। তবে প্রস্তুতি ম্যাচে ভালো খেলতে না পারলেও মূল আসরে নিজেদের সেরাটাই ঢেলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মেনজেস।‘বি’ গ্রুপে প্যারাগুয়ে, ইকুয়েডর ও ভেনেজুয়েলার মুখোমুখি হতে হবে ব্রাজিলকে। আর চূড়ান্ত দলে যে কোনো রকম পরিবর্তন আনার সুযোগ থাকবে ২৭ জুন পর্যন্ত।ব্রাজিল দল: ভিক্টর, জুলিও সিজার, লুসিও, মাইকন, থিয়েগো সিলভা, ডেভিড লুইস, লুইসাও, আন্দ্রে সান্তোস, দানিয়েল আলভেস, আদ্রিয়ানো, লুকাস, লুকাস লেইভা, এলানো, এলিয়াস, জাডসন, রামিরেস, সান্দ্রো, পাউলো হেনরিকে গানসো, আলেক্সান্দ্রে পাতো, রবিনহো, নেইমার ও ফ্রেড। রয়টার্স।