স্টুয়ার্ট ব্রডকে হারিয়ে ফেলা যদি খারাপ দিক হয়, তবে ভালো দিকও আছে। সেটি হলো, ইংল্যান্ডের এই দলটার গভীরতা। এরই মধ্যে এউইন মরগান চলে এসেছে। ওয়ানডেতে ইংল্যান্ডের অন্যতম সেরা খেলোয়াড় সে। ওর সামনে সুযোগ এসেছে নিজের যোগ্যতা প্রমাণেরও।সুযোগ এসেছে ক্রিস ট্রেমলেটের জন্যও। ও বেশ ভালো অবস্থায় আছে। তা ছাড়া ও দলের সঙ্গেই ছিল। অ্যাশেজে ব্রড চোটের কারণে বাদ পড়ার পর সেই শূন্যতা ট্রেমলেট পূরণ করেছে। ভালোমতোই করেছে। ও জানে, কী করতে হবে।কখনো কখনো কিন্তু চোট একটা দলকে উজ্জীবিতও করতে পারে! কারণ, বদলি হিসেবে দলে ঢোকা খেলোয়াড়টি নিজেকে তখন উজাড় করে দিয়ে খেলে। এ কারণেই বলছি, কেভিন পিটারসেন আর ব্রডের না থাকা ইংল্যান্ডের জন্য ইতিবাচক দিকও হয়ে যেতে পারে!ইংল্যান্ডের প্রতিপক্ষ বাংলাদেশ বলে আমি অবশ্যই চাইব স্বাগতিকদের চেয়ে ওরা যেন ভালো খেলে। তা ছাড়া ইংল্যান্ড দলটাও ধীরে ধীরে ভালো করছে। টুর্নামেন্টের সামনের দিনগুলোতে ওরা আরও ভালো করুক—সেই প্রত্যাশা থাকবে।হল্যান্ডের বিপক্ষে ভারতের জয় দেখলাম। ওরা নিশ্চয়ই এই জয় নিয়ে তৃপ্ত। তবে কাল নাগপুরে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ওদের ম্যাচটি নিয়ে দুশ্চিন্তায় আছি। সেখানকার যে উইকেট, তাতে ভারতকে অবশ্যই আরেকটি বাড়তি বোলার খেলানো উচিত। ওখানকার উইকেট আমি দেখেছি। আপনাকে অবশ্যই বোলিংয়ে নির্ভরযোগ্য একটা আক্রমণ নিয়েই নামতে হবে। ম্যাচটা দুর্দান্ত হবে নিশ্চয়ই। সেটি দেখার জন্য মুখিয়ে আছি।এই ম্যাচেও পঞ্চম বোলার হিসেবে যুবরাজকে খেলাতে পারে ভারত। ও ভালো করছে। কিন্তু সেটি বড় দলগুলোর বিপক্ষে নয়। দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোর বিপক্ষে ওর জন্য কাজটা সহজ হবে না। ম্যাচটা আরেক কারণে কৌতূহল জাগাচ্ছে। ভারত এখন পর্যন্ত একটা নীতিতেই অটল থেকেছে। দেখা যাক, এই ম্যাচে সেই রণকৌশল পাল্টায় কি না।যুবরাজ কিংবা শহীদ আফ্রিদিরাও কেন এখন বল হাতে সাফল্য পাচ্ছে? এই প্রশ্নটা অনেক পাঠকের। রহস্য আসলে লুকিয়ে আছে উইকেটে। এ ধরনের উইকেটে স্পিনাররা সাফল্য পাবেই। ইমরান তাহিরের মতো সদ্যই অভিষিক্ত বোলারও দেখুন বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি।