ইনজুরিতে ক্লাইস্টার্স
গত সপ্তাহে মারিয়া শারাপোভাকে হারিয়ে সিনসিনাটি ওপেনের শিরোপা জিতেছেন কিম ক্লাইস্টার্স। ইউএস ওপেনের আগে আরেকটি শিরোপা ঘরে তুলতে নেমেছিলেন মন্ট্রিল কাপে। কিন্তু ভাগ্য খারাপই বলতে হবে বেলজিয়ামের এই তারকার। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে গতকাল শুক্রবার ভেরা ভনারেভার কাছে ২-৬, ৬-৩, ৬-২ গেমে হেরেছেন তিনি। এর চেয়েও বড় দুঃসংবাদ—নিতম্বের মাংশপেশিতে টান লেগেছে ক্লাইস্টার্সের! চলতি মাসের ৩০ তারিখ থেকে শুরু হতে যাওয়া ইউএস ওপেনে এই ফিটনেস নিয়ে ক্লাইস্টার্স কত দূর যেতে পারেন এ নিয়ে সংশয় থেকেই যায়।ভনারেভার বিপক্ষে ম্যাচে প্রথম সেটে এগিয়ে ছিলেন ক্লাইস্টার্স, চোট পান দ্বিতীয় সেটে। প্রাথমিক চিকিত্সা নিয়ে খেললেও পরবর্তী সময়ে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। চোট পাওয়ার কারণে হেরেছেন, এমনটা অবশ্য মানতে নারাজ ক্লাইস্টার্স, ‘আমি ইনজুরিকে দোষ দিচ্ছি না। উইম্বলডনেও আমি তাঁর কাছে হেরেছিলাম।’সামনের ইউএস ওপেন নিয়ে শঙ্কিত কি না, প্রশ্নেও পেশাদারি মনোভাব ক্লাইস্টার্সের, ‘আমি ইউএস ওপেনে খেলব, এ নিয়ে আমার মনে কোনো প্রশ্ন নেই। আমাকে হয়তো বাড়তি সতর্কতা নিয়ে খেলতে হবে। আজকাল অনেককেই এভাবে খেলতে হচ্ছে। কিন্তু এর অর্থ এই নয় যে, আমি লড়াই করার যোগ্য নই। এমআরআই স্ক্যান করার পর ইনজুরির প্রকৃত অবস্থাটা আরও স্পষ্ট হবে।’—রয়টার্স