ইনজুরিতে দিলশান, তৃতীয় টেস্টে অনিশ্চিত
ইংল্যান্ড সফরের প্রথম টেস্টে আকস্মিকভাবে ইনিংস ব্যবধানে হার মেনে নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল শ্রীলঙ্কাকে। এরপর লঙ্কান অধিনায়ক তিলকারত্নে দিলশানের ১৯৩ রানের অসাধারণ ইনিংসটির সুবাদে অমীমাংসিতভাবেই শেষ হয়েছে সিরিজের দ্বিতীয় টেস্ট। এবার সিরিজ হার এড়াতে হলে শেষ টেস্টটা জেতার কোন বিকল্প নেই সফরকারী শ্রীলঙ্কার সামনে। কিন্তু এই শেষ টেস্টে তারা অধিনায়ক দিলশানকে মাঠে পাবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ১৯৩ রানের অনবদ্য ইনিংসটি খেলার পথে দুই দুইবার ডানহাতের বুড়ো আঙুলে আঘাত পেয়েছেন এ ডানহাতি ওপেনার।সদ্য শেষ হওয়া লর্ডস টেস্টের শেষ দুই দিন মাঠে নামতে পারেননি দিলশান। গতকাল ম্যাচ শেষে তিনি স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ‘আঙুলের আঘাতটা খুব বেশি গুরুতর নয়। কিন্তু আমাকে এখন কমপক্ষে ১০-১৫ দিন অপেক্ষা করতে হবে। মনে হচ্ছে শেষ টেস্টটা আমি খেলতে পারব না। তবে আগামী কয়েকদিনে অবস্থা কেমন হয় সেটা দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’কার্ডিফ টেস্টের অপ্রত্যাশিত হারটার পর লর্ডস টেস্টের পারফরমেন্স নিয়ে সন্তুষ্টিই প্রকাশ করেছেন দিলশান। তিনি বলেছেন, ‘সব মিলিয়ে আমি লর্ডস টেস্টের পারফরমেন্সে সন্তুষ্ট। কার্ডিফের ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের পর এখানে আমরা খুব ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছি।’ ওয়েবসাইট।