ইনজুরিতে বুফন, পরের ম্যাচে অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যারাগুয়ের বিপক্ষে জিততে পারেনি বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। ১-১ গোলে ড্র করে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার আগেই আরও একটি দুঃসংবাদ সঙ্গী হয়েছে তাদের। দলের ১ নম্বর গোলরক্ষক জিয়ানলুইজি বুফন পিঠের আঘাতে ম্যাচের প্রথমার্ধ খেলেই মাঠ ছাড়েন। ইতালির পরবর্তী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বুফনের খেলার সম্ভাবনা এখন বেশ ক্ষীণই মনে হচ্ছে। কোচ মার্সেলো লিপ্পি জানিয়েছেন, কয়েকটি পরীক্ষা ছাড়া বলা যাচ্ছে না, বুফনের পিঠের আঘাতটি কোন পর্যায়ের।খেলার আগেই ওয়ার্মআপের সময় পিঠে ব্যথা পান বুফন। কোনোমতে প্রাথমিক চিকিত্সা নিয়েই প্যারাগুয়ের বিপক্ষে খেলতে নেমেছিলেন তিনি। কিন্তু বিরতির পর ব্যথা বেড়ে যাওয়ায় আর মাঠে নামতে পারেননি তিনি। দ্বিতীয় গোলরক্ষক ফেদেরিকো মারচেত্তিকে মাঠে নামান লিপ্পি।জুভেন্টাসের হয়ে এবারের মৌসুমটিও একদম ভালো কাটেনি বুফনের। ইনজুরির কারণে মৌসুমের বেশির ভাগ ম্যাচই সাইডলাইনে বসে কাটিয়েছেন। এর পরও বিশ্বের অন্যতম সেরা এই গোলরক্ষকের ওপর কোচ মার্সেলো লিপ্পি আস্থা রেখেছেন। ২০০৬ সালের বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ট্রাইব্রেকারে বিজয়ে বুফনের ছিল অনবদ্য অবদান। ইনজুরির কারণে এবারের বিশ্বকাপের বাকি ম্যাচগুলো যদি বুফন মিস করেন, তাহলে তা হবে বিশ্বচ্যাম্পিয়ন ইতালির জন্য বিরাট এক আঘাত।