ইনজুরিতে বোল্ট!
শুধু অ্যাথলেটিকসেই না, গোটা ক্রীড়াজগতেরই তারকা এখন উসাইন বোল্ট। এবারের লন্ডন অলিম্পিকের প্রচারে ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করছেন বিশ্বের এই দ্রুততম মানব। কিন্তু অ্যাথলেটিকসের এই বিশ্বরেকর্ডধারী অলিম্পিক শুরুর ঠিক আগমুহূর্তে ইনজুরির কবলে পড়েছেন কি না, তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। শারীরিক পরীক্ষার জন্য গতকাল শুক্রবার জার্মানির উদ্দেশে রওনা দিয়েছেন উসাইন বোল্ট।লন্ডন অলিম্পিক শুরুর আগে শেষবারের মতো একটি প্রতিযোগিতায় দৌড়ানোর সুযোগ ছিল বোল্টের সামনে। কিন্তু আগামী ২০ জুলাই থেকে মনাকোতে শুরু হতে যাওয়া ডায়মন্ড লিগ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন গত অলিম্পিকের তিনটি সোনাজয়ী এই অ্যাথলেট। বোল্টের কোচ গ্লেন মিলস অবশ্য এটাকে বর্ণনা করেছেন ‘সামান্য সমস্যা’ হিসেবে। তার মানে এখন আগামী ৪ আগস্ট অলিম্পিকের চূড়ান্ত আসরেই ট্রাকে নামবেন বোল্ট। সেখানে তিনি দৌড়াবেন ১০০ মিটার দৌড়ের প্রথম রাউন্ডে।কিন্তু ক্রীড়াজগতের সবচেয়ে বড় প্রতিযোগিতার ঠিক আগমুহূর্তে উসাইন বোল্টের মতো তারকা অ্যাথলেট সত্যিই ইনজুরির কবলে পড়েছেন কি না, তা নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে। গত সপ্তাহে জ্যামাইকার অলিম্পিক প্রস্তুতির দৌড়ে ইয়োহান ব্লেকের কাছে আকস্মিকভাবে হেরে গিয়েছেন বোল্ট। সেখানে ২০০ মিটারের চূড়ান্ত দৌড়ের পর তাঁকে হাঁটুর পেশি টান ধরার চিকিৎসা দেওয়া হয়েছিল। প্রস্তুতিমূলক এই দৌড়ে বোল্টের অস্বাভাবিকতা শনাক্ত করেছেন অলিম্পিকে তাঁর শক্ত প্রতিদ্বন্দ্বী টাইসন গে। আমেরিকান এই স্প্রিন্টার বলেছেন, ‘মনে হয়েছে, বোল্টকে যেন খুব কষ্ট করতে হচ্ছে। তিনি যেন জোর করে কাজটা করছেন। এটা তাঁর সঙ্গে ঠিক মানায় না।’তবে বোল্টের কোচ ও ঘনিষ্ঠজনেরা এমন আশঙ্কার কথা একেবারেই স্বীকার করছেন না। জার্মানিতে গিয়ে শারীরিক পরীক্ষার ব্যাপারটাও অনেক আগে থেকেই নির্ধারণ করা ছিল বলে জানিয়েছেন বোল্টের এক ঘনিষ্ঠ সূত্র। অলিম্পিকে তিনি পূর্ণ শারীরিক সক্ষমতা নিয়েই দৌড়াতে পারবেন বলে আত্মবিশ্বাসী বোল্টের এজেন্ট রিকি সিমস।