ইনজুরিতে মেসি, অ্যাটলেটিকোকে ২-১ গোলে হারিয়েছে বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্প্যানিশ লা-লিগায় গতকাল রোববার অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই সুখবরের সঙ্গে বার্সার সমর্থকদের জন্য অবশ্য হতাশার খবরও আছে—ইনজুরিতে পড়েছেন সমর্থকদের পছন্দের কেন্দ্রবিন্দুতে থাকা লিওনেল মেসি।গত সপ্তাহে হারকিউলিসের কাছে ২-০ গোলে হারের স্বাদ নিতে হয়েছিল বার্সেলোনাকে। সেই হারের হতাশা কেটেছে অ্যাটলেটিকোর বিপক্ষে। মাত্র ১৩ মিনিটেই গোল করে বার্সাকে এগিয়ে দিয়েছিলেন মেসি। ২৫ মিনিটে খেলায় সমতা আনেন অ্যাটলেটিকোর রাউল গার্সিয়া। এর আট মিনিট পর বার্সার হয়ে দ্বিতীয় গোলটি করেন জেরার্ড পিকে। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় এটাই বার্সার জয়সূচক গোল হিসেবে থেকে যায়।স্বস্তির জয় পেয়েছে বার্সেলোনা, কিন্তু এর মাঝে অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে গেছে। অ্যাটলেটিকোর ডিফেন্ডার টমাস উজফালিউসির সঙ্গে ধাক্কা খান লিওনেল মেসি। দুই হাত দিয়ে মেসির মুখে আঘাত করেন তিনি। গোড়ালি ও মুখে আঘাত পাওয়ায় মাঠের বাইরে পাঠানো হয় ফিফার বর্ষসেরা এই ফুটবলারকে। আগেই একটি হলুদ কার্ড দেখিছিলেন উজফালিউসি। মেসিকে আঘাত করার কারণে অ্যাটলেটিকোর এই মিডফিল্ডারকে লাল কার্ড দেখান রেফারি।ম্যাচ শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বার্সার ম্যানেজার পেপ গার্দিওলা বলেন, ‘এ জয়ে আমরা খুশি। কিন্তু লিওর (মেসি) ইনজুরির কারণে আমরা মর্মাহত।’ এদিকে মেসিভক্তদের আশ্বস্ত করে বার্সেলোনার নিজস্ব ওয়েবসাইটে জানানো হয়েছে, ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন মেসি। কিন্তু আশঙ্কা করার মতো কিছু হয়নি। সোমবার আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।—রয়টার্স