ইনজুরির আঘাতে চেলসি শিবির
ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম চার ম্যাচে বড় ব্যবধানে জেতার পর কার্লিং কাপের তৃতীয় রাউন্ডে নিউক্যাসলের কাছে হোঁচট খেল চেলসি। উত্তেজনাপূর্ণ ম্যাচে নিউক্যাসেল ৪-৩ গোলে হারিয়েছে গতবারের ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপাজয়ীদের। তবে এই হারের চেয়েও দলের গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়ের ইনজুরিই বেশি চিন্তায় ফেলে দিয়েছে চেলসি কোচ কার্লো আনচেলত্তিকে।নিউক্যাসেলের বিপক্ষে ম্যাচেই ইনজুরির শিকার হয়েছেন মিডফিল্ডার ইয়ুসি বেনায়ুন, স্ট্রাইকার গায়েল কাকুটা ও সলোমন কালু। ম্যাচের প্রথমার্ধে পায়ে আঘাত পেয়ে মাঠের বাইরে যেতে হয় কাকুটাকে। ৫৬ মিনিটের মাথায় ঊরুতে চোট পেয়ে মাঠ ছাড়েন কালু। দ্বিতীয়ার্ধে কোচ আনচেলত্তি জন টেরির পরিবর্তে মাঠে নামান অ্যালেক্সকে। খেলার ৬২ মিনিটের মাথায় বেনায়ুনও চোট পাওয়ায় বাকি সময়টা ১০ জন নিয়েই খেলতে হয় চেলসিকে।ইনজুরির কারণে বেনায়ুন, কাকুটা ও কাকাউ বেশ কয়েকটি ম্যাচে অংশ নিতে পারবেন না বলে আশঙ্কা করছেন চেলসি কোচ। অবশ্য তাঁদের চোট কতটা গুরুতর, সেটা জানা যাবে কাল শুক্রবার পরীক্ষা-নিরীক্ষার পর।কার্লিং কাপ থেকে বিদায় নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের আরও দুই পরাশক্তি ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। ম্যানটেস্টার সিটি ২-১ গোলে হেরেছে ওয়েস্ট ব্রমউইচের কাছে। লিভারপুলকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছে নর্দহ্যাম্পটন। নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে ড্র হওয়ার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তবে গতবারের কার্লিং কাপ শিরোপাজয়ী ম্যানচেস্টার ইউনাইটেড শিরোপা অক্ষুন্ন রাখার পথে আরেক ধাপ এগিয়েছে। স্কানথোরপেকে তারা হারিয়েছে ৫-২ গোলে। বিবিসি অনলাইন