ইনজুরির আশঙ্কা স্নাইডারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরো কাপের শুরুটা ভালোভাবে করতে পারেনি হল্যান্ড। গতকাল গ্রুপ পর্বে নিজেদের প্রথম খেলায় তারা আকস্মিকভাবে ১-০ গোলে হেরে গেছে ডেনমার্কের কাছে। কিন্তু শুধু এটুকুই নয়, ডাচদের জন্য আরও একটি ভয়াবহ দুঃসংবাদ বয়ে এনেছেন ওয়েসলি স্নাইডার। ডেনমার্কের বিপক্ষে ম্যাচটিতে হাঁটুতে আঘাত পেয়েছেন এই ডাচ মিডফিল্ডার। এখন পরবর্তী সপ্তাহে জার্মানির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে মাঠে নামতে পারবেন কি না, তা নিয়েও শুরু হয়েছে সংশয়।আজ একটি সাক্ষাত্কারে স্নাইডার স্বীকার করেছেন এই হাঁটুতে আঘাত পাওয়ার কথা। তিনি বলেছেন, ‘আমার হাঁটুতে কিছু সমস্যা হচ্ছে।’ তবে এর ফলে পরবর্তী সপ্তাহে জার্মানির বিপক্ষে ম্যাচটাতে মাঠে নামার ক্ষেত্রে সংশয় তৈরি হবে কি না, এমন প্রশ্নের কোনো জবাব দেননি হল্যান্ডের এই তারকা ফুটবলার।গতকাল পুরো ম্যাচেই ভালো খেললেও গোল করার ব্যর্থতায় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে হল্যান্ডকে। অনেক ভালো সুযোগ সৃষ্টি করতে পারলেও শেষ পর্যায়ে স্ট্রাইকাররা কাঙ্ক্ষিত লক্ষ্যে বল পাঠাতে পারেননি বলেই হতাশা নিয়ে ম্যাচ শেষ করতে হয়েছে বলে মন্তব্য করেছেন স্নাইডার। তিনি বলেছেন, ‘আমরা ভালোই খেলেছিলাম। শুরুটাও ভালোভাবেই করেছিলাম। আর শেষ আধঘণ্টায় আমরা কমপক্ষে দুই বা তিনটি নিশ্চিত গোলের সুযোগ তৈরি করেছিলাম। কিন্তু স্ট্রাইকাররা শেষটা ভালোমতো করতে পারেনি। যদিও আমরা শেষ মিনিট পর্যন্ত লড়াই চালিয়ে গেছি।’— ইএসপিএন