ইনজুরির কবলে অ্যাগুয়েরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাউদহ্যাম্পটনের বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয় দিয়ে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুটা বেশ ভালোমতোই করেছে গতবারের শিরোপাজয়ী ম্যানচেস্টার সিটি। কিন্তু এবারের মৌসুমের উদ্বোধনী ম্যাচে ম্যানসিটির সমর্থকদের জন্য একটা দুঃসংবাদও বয়ে এনেছেন সার্জিও অ্যাগুয়েরো। খেলার প্রথমার্ধেই ইনজুরির কবলে পড়ে মাঠ ছেড়েছিলেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। আর এখন এই হাঁটুর ইনজুরির কারণে প্রায় এক মাস মাঠের বাইরেই কাটাতে হবে দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়কে।গত রোববার সাউদহ্যাম্পটনের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম খেলার মাত্র ১৪ মিনিটের মাথায় হাঁটুতে জোর আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন সার্জিও অ্যাগুয়েরো। এই আঘাতের কারণে তাঁকে ছয় মাসেরও বেশি সময় মাঠের বাইরে থাকতে হতে পারে বলে ভয় পেয়েছিলেন ম্যানসিটির কোট রবার্তো মানচিনি। কিন্তু পরীক্ষা-নিরীক্ষার পরে দেখা গেছে অ্যাগুয়েরোর ইনজুরি ততটা গুরুতর আকার ধারণ করেনি। তবে তার পরও প্রায় এক মাস মাঠে নামতে পারবেন না এই আর্জেন্টাইন স্ট্রাইকার। কোচ মানচিনি ক্লাবের ওয়েবসাইটে বলেছেন, ‘হয়তো অ্যাগুয়েরোকে ছয় মাসও মাঠের বাইরে কাটাতে হতে পারে, এটা ভেবে কয়েক দিন আগে আমরা খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। তেমনটা হলে খুবই খারাপ হতো। কিন্তু এখন আমার মনে হয় না যে খুব বেশি দিন তাকে বাইরে থাকতে হবে।’ ১৫ সেপ্টেম্বর স্ট্রোক সিটির বিপক্ষে ম্যাচটির আগেই অ্যাগুয়েরো মাঠে নামার জন্য পুরোপুরি ফিট হয়ে উঠতে পারবেন বলেই আশা করছেন মানচিনি।গত মৌসুমে ২৩টি গোল করে ম্যানচেস্টার সিটির প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সার্জিও অ্যাগুয়েরো। শিরোপা নির্ধারণী ম্যাচে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে অতিরিক্ত সময়ে নাটকীয় গোলটাও করেছিলেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। ইএসপিএন