ইনজুরির কবলে ইনজাগি
মাত্র কয়েক দিন আগেই রাউল গঞ্জালেসকে টপকে ইউরোপীয় প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন ফিলিপ্পো ইনজাগি। ৩৭ বছর বয়সী ইনজাগি এখনো তরুণ খেলোয়াড়দের মতোই একের পর এক গোল করে যাচ্ছেন। খুব তাড়াতাড়ি অবসর নেওয়ার কোনো পরিকল্পনাও নেই এসি মিলানের এই ইতালিয়ান স্ট্রাইকারের। কিন্তু তার পরও হুমকির মুখে পড়ে গেছে তাঁর ক্যারিয়ার। গত বুধবার ইতালিয়ান লিগে পালেরমোর বিপক্ষে ম্যাচে হাঁটুতে বেশ গুরুতর আঘাত পেয়েছেন তিনি। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, তাঁর পায়ে অস্ত্রোপচার করতে হবে এবং এ মৌসুমেই আর মাঠে নামতে পারবেন না ইনজাগি। এসি মিলানের সঙ্গে ইনজাগির চুক্তির মেয়াদ শেষ হবে এ মৌসুমের শেষে। দুই বছর আগে এ একই রকম অবস্থায় পড়েছিলেন ব্রাজিলের তারকা স্ট্রাইকার রোনালদো। তখন তাঁর সঙ্গে আর নতুন করে চুক্তি করেনি এসি মিলান কর্তৃপক্ষ। সেই স্মৃতিটা এখনো অনেকের মন থেকে মুছে যায়নি। তাই এবার ইনজাগিও সে রকম পরিস্থিতিতে পড়বেন কি না, সেই প্রশ্নটা অনেকের মনেই উঁকি দিচ্ছে। এসি মিলান অবশ্য তাদের ওয়েবসাইটে জানিয়েছে, তারা ইনজাগির সঙ্গে কখনোই সম্পর্কচ্ছেদ করবে না। আর ইনজাগিও আবার সুস্থ হয়ে ফিরে আসার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। সমর্থকদের উদ্দেশে এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমি কিছুতেই হাল ছাড়ব না। আবার ফিরে আসার জন্য আমি সবকিছুই করব।’ রয়টার্স।