ইনজুরির কবলে কাকা
ইনজুরি কিছুতেই পিছু ছাড়ছে না ব্রাজিলের তারকা মিডফিল্ডার কাকার। গত মৌসুমের বেশির ভাগ সময়ই ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে। শেষ মুহূর্তে ইনজুরি কাটিয়ে অংশ নিয়েছিলেন বিশ্বকাপে। কিন্তু বিশ্বকাপ শেষে রিয়াল মাদ্রিদের অনুশীলনে ফেরার পর আবারও ইনজুরির কবলে পড়েছেন কাকা। বাঁ হাঁটুর এই ইনজুরির কারণে তিন বা চার মাস মাঠের বাইরে থাকতে হবে রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারকে। রয়টার্স।বাঁ হাঁটুতে অপারেশনের জন্য এই মুহূর্তে বেলজিয়ামে আছেন কাকা। রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো কাকার এই ইনজুরির কারণে দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘কাকা অসাধারণ একজন খেলোয়াড়। সতীর্থদের মধ্যেও তিনি খুব জনপ্রিয়। আমরা খুব তাড়াতাড়িই তাকে পুরোপুরি সুস্থ অবস্থায় ফিরে পেতে চাই।’২০০৯ সালে ৮৫ মিলিয়ন ডলারের বিনিময়ে এসি মিলান থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন কাকা। গত মৌসুমে রিয়ালের হয়ে ২৫টি ম্যাচ খেলেছেন। প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন আট বার।