ইনজুরির কবলে চেলসি অধিনায়ক
মৌসুমটা দুর্দান্তভাবে শুরু করলেও গত রোববার সান্ডারল্যান্ডের কাছে ৩-০ গোলে হেরে বেশ বড় ধরনের হোঁচট খেয়েছে গতবারের শিরোপাজয়ী চেলসি। কিন্তু তার চেয়েও বড় দুঃসংবাদ অপেক্ষা করছে চেলসি সমর্থকদের জন্য। ইনজুরির কারণে অধিনায়ক জন টেরিকে অন্তত এক মাস মাঠের বাইরে থাকতে হবে বলে আশঙ্কা করছে ক্লাব কর্তৃপক্ষ।ডান পায়ের পেশিতে ব্যথা থাকায় সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে মাঠে নামতে পারেননি টেরি। তবে তাঁর এই ব্যথার সঠিক কারণ এখনো জানা যায়নি। ইনজুরির কারণে আগে থেকেই মাঠের বাইরে আছেন চেলসির মাঝমাঠের প্রধান ভরসা ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। স্ট্রাইকার দিদিয়ের দ্রগবাও ম্যালেরিয়ায় আক্রান্ত। সেই সঙ্গে নতুন করে জন টেরির এই ইনজুরিতে দুশ্চিন্তায় পড়ে গেছেন কোচ কার্লো আনচেলত্তি।গত মৌসুমের শেষ থেকেই টেরি ডান পায়ের এই সমস্যায় ভুগছিলেন। বিশ্বকাপের পর এবারের প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে তিন সপ্তাহ বিশ্রামে ছিলেন তিনি। তাতেও সমস্যার পুরোপুরি সমাধান হয়নি। পরে ওই অবস্থায়ই খেলে যাচ্ছিলেন। কিন্তু ফুলহামের বিপক্ষে ক্লিন্ট ডেম্পসলির সঙ্গে বল দখলের লড়াইয়ের সময় নতুন করে চোট পাওয়ায় এখন আবারও কিছুদিন বিশ্রাম নিতে বাধ্য হচ্ছেন এই ইংলিশ ডিফেন্ডার।প্রিমিয়ার লিগে সামনের বেশ কয়েকটি খেলায় দর্শকের ভূমিকাতেই থাকতে হবে টেরিকে। ইংল্যান্ডের হয়ে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচেও অংশ নিতে পারবেন না তিনি। বিবিসি অনলাইন।