ইনজুরির কবলে ভেনাস উইলিয়ামস
গত জুলাই মাসে উইম্বলডনের সময় থেকেই হাঁটুর ইনজুরির কারণে সমস্যায় ভুগছিলেন ভেনাস উইলিয়ামস। তার পরও গত মাসে অংশ নিয়েছিলেন ইউএস ওপেনে। কিন্তু এবার আর চোটের সঙ্গে পেরে উঠলেন না সাতবারের গ্ল্যান্ড স্লামজয়ী এই টেনিস-তারকা। হাঁটুর ইনজুরির কারণে আগেই চায়না ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করেছিলেন। এখন উব্লিউটিএ চ্যাম্পিয়নশিপ আর ফেড কাপেও অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন ভেনাস উইলিয়ামস। তার মানে, এই মৌসুমের বাকি সময়টা কোর্টের বাইরেই কাটাতে হচ্ছে তাঁকে।গতকাল বুধবার এই ইনজুরির খবর জানিয়ে এক বিবৃতিতে ভেনাস বলেছেন, ‘খুবই দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে আমি এই বছরে উব্লিউটিএ চ্যাম্পিয়নশিপ আর ফেড কাপ ফাইনালে অংশ নিতে পারছি না।’ভেনাসের এই ইনজুরির কারণে দুঃখ প্রকাশ করেছেন ফেড কাপে যুক্তরাষ্ট্রের অধিনায়ক ম্যারি জো ফার্নান্দেজ। আগামী মাস থেকে শুরু হতে যাওয়া ফেড কাপের ফাইনালে ভেনাসকে ছাড়াই ইতালির মুখোমুখি হতে হবে যুক্তরাষ্ট্রকে। ২০০০ সালের পর ফেড কাপে আর সাফল্যের দেখা পায়নি যুক্তরাষ্ট্র। গত বছরও ইতালির কাছে হেরে ফেড কাপ জয়ের স্বপ্ন ধূলিসাত্ হয়ে গিয়েছিল তাদের। এবারও ভেনাস না থাকায় শিরোপা জয়ের জন্য বেশ ভালোই বেগ পেতে হবে যুক্তরাষ্ট্রকে। তবে ভেনাস না থাকলেও ফেড কাপে অংশ নিতে পারবেন বলে আশাবাদী সেরেনা উইলিয়ামস। রয়টার্স