ইনজুরির কবলে মিরোস্লাভ ক্লোসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মান লিগে শুরুটা মোটেই ভালো হয়নি বায়ার্ন মিউনিখের। নয় ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ১১ নম্বরে আছে গতবারের শিরোপাজয়ীরা। এই দুঃসময়ে আরও খারাপ সংবাদ নিয়ে এসেছেন বায়ার্নের তারকা স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা। ঊরুর পেশিতে আঘাত পাওয়ায় কমপক্ষে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।মাত্র কয়েক দিন আগেই একই রকমের চোটের কারণে সপ্তাহ দু-এক মাঠে নামতে পারেননি ক্লোসা। ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরতে না ফিরতেই আবার মাঠের বাইরে চলে যেতে হলো জার্মানির অন্যতম সেরা এই স্ট্রাইকারকে। চোটের কারণে এখন জার্মান লিগের পরবর্তী কয়েকটি ম্যাচ এবং আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে রোমানিয়ার ক্লাব সিএফআর ক্লুজের বিপক্ষে দর্শক হয়েই থাকতে হবে তাঁকে।ইনজুরির কারণে আগে থেকেই মাঠের বাইরে আছেন বায়ার্নের আরও চার তারকা খেলোয়াড় আরিয়েন রোবেন, ফ্রাঙ্ক রিবেরি, মার্ক ফন বোমেল ও ডিয়েগো কন্টেন্টো। তবে আগামীকাল শুক্রবার জার্মান লিগে ফ্রেইবার্গের বিপক্ষে মাঠে নামতে পারেন স্ট্রাইকার ইভিকা ওলিচ ও ডিফেন্ডার ড্যানিয়েল ফন বাইটেন। —রয়টার্স