ইনজুরির কবলে রুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়টা অনেকদিন ধরেই ভালো যাচ্ছে না ইংলিশ স্ট্রাইকার ওয়েইন রুনির। বিশ্বকাপে ইংল্যান্ডের ব্যর্থ মিশনের পর জড়িয়ে পড়েছিলেন যৌন কেলেঙ্কারির অভিযোগে। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে নতুন মৌসুমেও নামের প্রতি সুবিচার করে খেলতে পারছেন না। ইংলিশ প্রিমিয়ার লিগের পাঁচ ম্যাচে গোল করেছেন মাত্র একটি। তাও পেনাল্টি থেকে। এরই মধ্যে আবার নতুন করে ইনজুরির কবলে পড়েছেন রুনি।রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে বোল্টনের বিপক্ষে ম্যাচে গোড়ালিতে চোট পেয়ে দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন। প্রথমে ক্লাব কর্তৃপক্ষ চোটটাকে অত গুরুতর না বলে জানালেও পরে পরীক্ষা-নিরীক্ষার পরে দেখা গেছে, এই চোটের কারণে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে রুনিকে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচেও অংশ নিতে পারবেন না তিনি। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যানইউ মাঠে পাচ্ছে না তাদের আরেক প্রধান খেলোয়াড় রায়ান গিগসকেও। বোল্টনের বিপক্ষে ম্যাচেই হাঁটুতে আঘাত পেয়েছেন গিগস।চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে স্কটিশ লিগের ক্লাব রেঞ্জার্সের বিপক্ষে গোলশূন্য ড্র করার পর এবার স্প্যানিশ লিগের শীর্ষস্থানীয় দল ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যানইউকে মাঠে নামতে হচ্ছে দলের এই দুই প্রধান খেলোয়াড় ছাড়াই। বিবিসি অনলাইন।