ইনজুরির সঙ্গে লড়াই করছেন লি ডং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ শুরুর আগে প্রতিটি দলের কোচেরই ভাবনার একটি বড় জায়গা দখল করে রেখেছে খেলোয়াড়দের আঘাতজনিত সমস্যা। এরই মধ্যে ইনজুরির ছোবলে অনেক দলই হারিয়েছে তাদের সেরা তারকাদের। অনেকে ইনজুরি নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তাঁরা জানেন না, আদৌ দেশের হয়ে বিশ্বকাপে সব ম্যাচ তাঁদের খেলা হবে কি না।দক্ষিণ কোরিয়ার অন্যতম সফল স্ট্রাইকার লি ডং গুকও কোচ হু জাং মোর কপালে চিন্তার বলিরেখা টেনে দিয়েছে। নির্ভরযোগ্য এই খেলোয়াড়ের ইনজুরির কারণে দলের কৌশল, ফর্মেশন প্রভৃতি সব বিষয় নিয়েই নতুন করে ভাবতে হচ্ছে কোচ হু জাং মোকে।৩২ বছর বয়সী এই স্ট্রাইকার অবশ্য গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই গ্রিসের বিপক্ষে মাঠে নামার ব্যাপারে আশাবাদী। গত মাসে হ্যামস্ট্রিং ইনজুরির শিকার হন তিনি। তবে সেরে উঠতে যেমন সময় লাগবে বলে মনে করা হয়েছিল, তার চেয়ে অনেক তাড়াতাড়িই সেরে উঠছেন তিনি। ফিফার ওয়েবসাইট ফিফা ডট কমকে লি বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর পর থেকে স্বাভাবিকভাবেই অনুশীলন করছি। আমার অবস্থার উন্নতি হচ্ছে দ্রুত। যদি সুযোগ পাই, তাহলে গ্রিসের বিপক্ষেই ভালো কিছু করতে চাই।’ তবে গত মৌসুমে কোরীয় লিগে সর্বোচ্চ গোল করা এই স্ট্রাইকারকে ১৭ জুন আর্জেন্টিনার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের আগে মাঠে পাবেন বলে আশা করছেন না দক্ষিণ কোরিয়ার কোচ।