ইনজেকশনের ভয়ে বিশ্বকাপ মিস রিবেরির!

বিশ্বকাপের মঞ্চে নিজের সামর্থ্যের প্রমাণের জন্য মুখিয়ে থাকেন ফুটবলাররা। ফুটবলের সবচেয়ে বড় এই প্রতিযোগিতায় খেলার সুযোগ পাওয়ার জন্য কত কী-ই না করেন তাঁরা। তার পরও বিশ্বকাপ-স্বপ্ন পূরণ হয় না অনেকের। এবারই যেমন ইনজুরির কারণে স্বপ্নভঙ্গ হয়েছে এ সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওয়ের। সেই জায়গায় অদ্ভুত এক কারণে বিশ্বকাপে খেলার মোক্ষম সুযোগ হেলায় হারিয়েছেন ফ্রাঙ্ক রিবেরি।
ইনজুরির কারণে শেষমুহূর্তে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন এই ফরাসি উইঙ্গার। কিন্তু নিজের ছোট্ট একটা ভয়কে জয় করতে পারলেই নাকি বিশ্বকাপে অংশ নিতে পারতেন তিনি। ইনজেকশন নিতে হবে—এ ভয়েই নাকি চিকিত্সায় খুব একটা আগ্রহ দেখাননি এ সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। সম্প্রতি এমন দাবিই করেছেন ফ্রান্স দলের চিকিত্সক ফ্রাঙ্ক লি গাল, ‘ফ্রাঙ্ক এমন এক ক্লাবের হয়ে খেলে, যেখানে সব ইনজুরি সমস্যার শুরুতেই ইনজেকশন দেওয়া হয়। সে প্রতিবছর, প্রতিটা সমস্যার জন্য ১০, ২০, ২৫ বা ৪০টা ইনজেকশন নিতে পারে। আমরাও এই পথেই যেতে পারতাম। কিন্তু আমরা এমনটা করিনি। কারণ সে ইনজেকশন ভয় পায়।’
রিবেরির ইনজুরি সমস্যার জন্য তাঁর ক্লাব বায়ার্ন মিউনিখকেও দায়ী করেছেন লি গাল। এবারের ইউরোপিয়ান মৌসুমের শেষ দিকে জার্মান কাপের ফাইনালে না খেললেই রিবেরি বিশ্বকাপে পুরোপুরি ফিট থাকতে পারতেন বলে মত দিয়েছেন এই ফরাসি চিকিত্সক, ‘তাকে তিন সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছিল। তারপর তাকে একটা ম্যাচে মাঠে নামানো হয়েছিল, যেটা মোটেই উচিত হয়নি। বদলি হিসেবে মাঠে নেমে পুরো ম্যাচও সে খেলতে পারেনি।’
লি গালের মতে, এই ম্যাচটা না খেলে পুরো ছয় বা আট সপ্তাহ বিশ্রাম নিতে পারলেই বিশ্বকাপে খেলতে পারতেন রিবেরি। সূত্র: এএফপি।