ইনডোরেও সেই বোল্টই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুষ্টুমি করতে তাঁর জুড়ি নেই।  কালেভদ্রে হওয়া ইনডোরের ১০০ মিটারের সেরা সময়টাও এখন উসাইন বোল্টের। পরশু দৌড়ের পর একটু দুষ্টুমি করে নিলেন l এএফপি
দুষ্টুমি করতে তাঁর জুড়ি নেই। কালেভদ্রে হওয়া ইনডোরের ১০০ মিটারের সেরা সময়টাও এখন উসাইন বোল্টের। পরশু দৌড়ের পর একটু দুষ্টুমি করে নিলেন l এএফপি

হতে পারে দৌড়টা ছিল ইনডোরে। কিন্তু তিনি তো সেই উসাইন বোল্ট। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রাজা প্রমাণ করে দিলেন আউটডোর হোক বা ইনডোর, তাঁর জন্মই হয়েছে রেকর্ডটা নতুন করে লেখার জন্য।

অলিম্পিক চ্যাম্পিয়ন ও বিশ্ব রেকর্ডধারী বোল্টের জন্য ইনডোরে দৌড়ানোটা ছিল নতুন অভিজ্ঞতা। পরশু পোল্যান্ডের ওয়ারশর জাতীয় ফুটবল স্টেডিয়ামের ছাদ ঢাকা ট্র্যাকে নামার আগে তাই রসিকতা করে বলেছিলেন, ‘আমি তো অনেক লম্বা, তাই ইনডোরে কখনো দৌড়াই না।’ কিন্তু নামছেনই যখন, ইনডোরের রেকর্ডটা ভেঙে দেওয়ার হুমকিও দিয়েছিলেন, ‘ওরা যদি এটাকে ইনডোর ট্র্যাক হিসেবে ধরে, তাহলে তো আমার জন্যই ভালো। রেকর্ড গড়তে কার না ভালো লাগে!’ স্রেফ মজা করেই বলেছিলেন। তবে ট্র্যাকে নেমে বোল্ট তা করে দেখালেন বাস্তবেও। পরশু ওয়ারশতে বোল্ট করেছেন ইনডোরের ১০০ মিটারে সেরা সময়। দৌড় শেষ করেছেন ৯.৯৮ সেকেন্ডে। ইনডোরের রেকর্ডটা ঠিক অফিশিয়াল নয়, আনঅফিশিয়াল। তাতে কী, রেকর্ডই তো!

ইনডোরে ১০০ মিটারে আগের সেরা সময় ছিল ১০.০৫ সেকেন্ড। নামিবিয়ার ফ্রাঙ্কি ফ্রেডেরিকস যে কীর্তিটা গড়েছিলেন সেই ১৯৯৬ সালে। এমন কিছু করবেন, জানা ছিল বলেই কিনা, দৌড় শেষে সেরা সময় করা নিয়ে বোল্ট একটা কথাও বলেননি। বাড়তি কোনো উচ্ছ্বাসও দেখাননি।

উল্টো তাঁর ম্যানেজার রিকি সিমন্স কাল নিশ্চিত করলেন ২০১৪ সালে ওটাই ছিল জ্যামাইকান বজ্র বিদ্যুতের শেষ দৌড়। বোল্ট নাম প্রত্যাহার করে নিয়েছেন আগামী সপ্তাহের জুরিখ ডায়মন্ড লিগ থেকেও। হঠাৎ করেই বিশ্রামে চলে যাওয়া ২৮ বছর বয়সী বোল্ট আগামী অক্টোবরে ফিরবেন অনুশীলনে। এএফপি, রয়টার্স।